আত্মহত্যা করতে চেয়েছিলেন ভারতীয় তারকা পেসার

>নিজের খারাপ সময়ে তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি
এক–দুবার নয়; তিন-তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলেন মোহাম্মদ শামি। ব্যক্তিগত জীবনের এমন ভয়াল মুহূর্তের কথা নিজেই জানিয়েছেন ভারতীয় এই পেসার। গতকাল রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে সরাসরি আলাপচারিতায় এ কথা জানান শামি।
শামির জীবনে সবচেয়ে খারাপ সময় এসেছিল ২০১৫ বিশ্বকাপের পর। চোটের সঙ্গে লড়াই করে ১8 মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এর সঙ্গে যোগ হয়েছিল স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন। এ জন্য যেতে হয়েছিল আদালত পর্যন্ত।
২০১৫ বিশ্বকাপে শামি ছিলেন ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। হাঁটুর চোট নিয়ে খেলেও ৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শামি জ্বলে উঠতে পারেননি, অসিদের বিপক্ষে হেরে ভারতও নেয় বিদায়। এরপর চোটের কারণে ১৮ মাস মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। স্বাভাবিকভাবে একজন খেলোয়াড়ের জন্য এ সময়টা খুবই হতাশার।
সে সময়টা এতটাই খারাপ ছিল যে তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলেন শামি, ‘২০১৫ বিশ্বকাপে চোট পাওয়ার পর পুরোপুরি সুস্থ হতে আমার ১৮ মাস সময় লেগেছিল। এটি আমার জীবনের সবচেয়ে বেদনার মুহূর্ত ও খুব কঠিন সময়। আমি যখন আবার খেলতে শুরু করি তখন কিছু ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমি তিনবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’
২০১৮ সালে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন শামি। তখন চলছিল ব্যক্তিগত জীবনে টানাপড়েন। স্ত্রী হাসিনের সঙ্গে সম্পর্ক এতটাই তেতো হয়ে উঠেছিল যে শামি বলতেই আলোচনার বিষয় ছিল থানা-পুলিশ।
তখন শামির মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সঙ্গে সার্বক্ষণিক কেউ না কেউ থাকতেন, ‘আমার মানসিক অবস্থা ভালো ছিল না। ২৪ ঘণ্টায় কেউ না কেউ সঙ্গে থাকত। আমার জন্য আমার পরিবার ছিল। আপনার পরিবার যদি আপনার সঙ্গে থাকে, তবে আপনি যেকোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন। আমার পরিবার যদি না থাকত, তবে আমি কোনো খারাপ পদক্ষেপ নিয়ে ফেলতে পারতাম।’