আথারটনের রেকর্ড ভাঙা 'বালক' আসছে বাংলাদেশে?

ইংলিশ কাউন্টিতে খেলেছেন মাত্র একটি মৌসুমই। কিন্তু এই এক মৌসুমেই তাঁর পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ ইংল্যান্ডের নির্বাচকেরা। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারটা নগদে পাচ্ছেন হাসিব হামিদ। ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান আসন্ন বাংলাদেশ সফরে ডাক পেতে পারেন ইংল্যান্ড টেস্ট দলে।
বোলটনে তাঁর জন্ম ১৯৯৭ সালে। এরই মধ্যে ইংলিশ কাউন্টি ক্রিকেটে দারুণ একটি রেকর্ডেরও অধিকারী তিনি। ২০১৫ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে অভিষেকের বছরই রানের ফুলঝুরি ছুটিয়েছেন। হাজার খানেক রান করে সবচেয়ে কম বয়সী ল্যাঙ্কাশায়ার ক্রিকেটার হিসেবে ভেঙেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনের রেকর্ড। তখনই বালক-বালক চেহারার এই ব্যাটসম্যান আলাদা নজর কাড়েন।
১৭টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৩০ রান। ৮টি পঞ্চাশের সঙ্গে আছে দারুণ ৪টি শতরানও। ৩৮.৪৩ ব্যাটিং গড়ে নিজেকে তুলে ধরেছেন ইংলিশ ক্রিকেটের আগামী দিনের সম্ভাবনা হিসেবে। ইংলিশ নির্বাচকদের দৃষ্টি কাড়ায় টেস্ট দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে যাচ্ছেন অ্যালেক্স হেলস, গ্যারি ব্যালান্স ও নিক কম্পটনের মতো ক্রিকেটাররা। অ্যালিস্টার কুকের নবম ওপেনিং সঙ্গী হিসেবে বাংলাদেশ টেস্ট সিরিজে দেখা যাওয়ার খুবই সম্ভাবনা আছে তাঁর।
হামিদের ল্যাঙ্কাশায়ার কোচ অ্যাশলে জাইলস অবশ্য তাঁর ব্যাপারে ইংলিশ ক্রিকেট নির্বাচকদের অধিক সতর্কতার প্রত্যাশী। ল্যাঙ্কাশায়ারের হয়ে আরও একটি মৌসুম কাটানোর পর তাঁকে ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেই বেশি খুশি হতেন। তবে তিনি জানিয়েছেন, একজন টেস্ট ক্রিকেটারের দায়িত্বের বোঝা বহনের মতো কাঁধ হামিদের আছে।
ইংলিশ নির্বাচকেরা মনে করেন, ভারত ও বাংলাদেশের উইকেট তরুণ ক্রিকেটারদের টেস্ট অভিষেকের জন্য আদর্শ। নতুন একজন ক্রিকেটারকে টেস্ট দলে জায়গা করে দিতে বাংলাদেশ সিরিজটাও ভালো সুযোগ বলে মনে করেন নির্বাচকেরা। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করা কুকের অভিষেকও হয়েছিল উপমহাদেশে।
ল্যাঙ্কাশায়ারের হয়ে গত ম্যাচের আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন হামিদ। তারও আগের ম্যাচে দুই ইনিংসে করেছিলেন ৮৯ ও অপরাজিত ৫৭। গত জুনের শেষে আর জুলাইয়ের শুরুতে আছে আরও দুটি সেঞ্চুরি। বয়স কম হলেও হামিদকে তাই দেখা যেতেই পারে টেস্ট দলে। সূত্র: টেলিগ্রাফ।