আদালতের রায়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের ধানমন্ডির কার্যালয়ে হঠাৎই সংবাদ সম্মেলনের ডাক। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের খেলা, পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে বিসিবির আগ্রহ, ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার ভবিষ্যৎ—এমন অনেক প্রশ্নের ভিড়ে নতুন প্রসঙ্গ বিসিবির নির্বাচন।

বিসিবি সভাপতি কাল জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন দিতে তাঁরা প্রস্তুত। কিন্তু একটি বিষয়ে এখনো আদালতের নির্দেশনা না আসায় নির্বাচনপ্রক্রিয়ার দিকে এগোনো যাচ্ছে না। ‘আমরা কোর্টের একটি রায়ের জন্য অপেক্ষা করছি। কেননা আমরা ইজিএম, এজিএম কিছুই করতে পারছি না। আগের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের আইনি পরামর্শক এটা করতে নিষেধ করেছিলেন,’ বলেছেন নাজমুল হাসান।

২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবির সংশোধিত গঠনতন্ত্রকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। জবাবে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিপক্ষে আরজি পেশ করে। সেটিরই ধারাবাহিকতায় পরে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী আদালত নির্বাচন করার পক্ষে মত দিলেও তা ছিল শর্তসাপেক্ষ। নির্বাচিত পরিচালনা পর্ষদের বৈধতা নির্ভর করবে চূড়ান্ত রায়ের ওপর, এটাই বলেছিলেন আদালত। বিসিবি এখন সেই রায়েরই অপেক্ষায়।

পরবর্তী মেয়াদেও বিসিবির সভাপতি থাকতে চান কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি নাজমুল হাসান। তবে তাঁর আশা, সভাপতি পদে নতুন কেউ এলেও বাংলাদেশ দল এখন যে রকম উন্নতির ধারায় আছে, তাতে অন্তত আগামী আট বছর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

সংবাদ সম্মেলনে ২০১৯ বিশ্বকাপ প্রসঙ্গ এসেছে এবং বিসিবি সভাপতি আবারও জানিয়েছেন, র‌্যাঙ্কিংয়ে পেছনের দিকের দলগুলোর সঙ্গে বাংলাদেশের পয়েন্টের পার্থক্য এতটাই বেশি যে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলকে মাশরাফি বিন মুর্তজাই নেতৃত্ব দেবেন কি না, সে প্রশ্নও উঠেছে। সভাপতি এবারও সরাসরি উত্তর দেননি, তবে ঘুরিয়ে-ফিরিয়ে যা বলেছেন, তাতে এটুকু বোঝা যাচ্ছে যে অধিনায়ক পরিবর্তনের বিষয়টি বোর্ডের বিবেচনায় আছে, ‘এ নিয়ে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে একটা কথা হয়েছিল। ২০২০ সালে মাশরাফি খেলতে পারবে কি না তা আমরা জানি না। সে জন্যই তখন আমরা ওর সঙ্গে আলাপ-আলোচনা করেছিলাম। তবে আলাপ করার পর ঘোষণাটা সে নিজ থেকেই দিয়েছে। আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, এটাই তো একটা বিরাট উদাহরণ।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আর্থিক বিষয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের দ্বন্দ্বের প্রভাব এখনো অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফরে পড়েনি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি, ‘বিসিবি এখনো জানে অস্ট্রেলিয়া আসছে।’

লন্ডনে ঈদের আগে হওয়া আইসিসির বার্ষিক সভায় টেস্ট ও ওয়ানডে লিগ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের এতে লাভ হবে কি না, সে ব্যাপারেও নিশ্চিত নন সভাপতি, ‘আমাদের লাভ হবে কি না এখনো আমরা জানি না। বেশি খেলা হলে ভালো। তবে কার সঙ্গে খেলছি সেটাও জানা দরকার। আমরা এটাই জানতে চেয়েছি। কার সঙ্গে কয়টা খেলা সেটা জানা গুরুত্বপূর্ণ।’