আদিল রশিদকেও শেখালেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি লেগ স্পিনের কিংবদন্তি। আবার লেগ স্পিন শিখতে চাইলেও শেন ওয়ার্নের চেয়ে ভালো শিক্ষক কে আছেন! আর শিক্ষকদের তো উদার হওয়ারই নিয়ম। উদার শেন ওয়ার্নও। তাই তো পাকিস্তানের ইয়াসির শাহকে যেমন গোপন মন্ত্র শিখিয়ে দেন, তেমনি কার্পণ্য করেন না ইংল্যান্ডের আদিল রশিদকে শেখাতে গিয়েও।
গত পরশু পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসিরের সঙ্গে দেড় ঘণ্টার একটি অনুশীলন সেশন কাটিয়েছেন ওয়ার্ন। ইয়াসিরের প্রতি মুগ্ধতা তো জানিয়ে আসছেন অনেক আগে থেকেই। ওয়ার্নের সঙ্গে ওই সেশনটা যে দারুণ শিক্ষণীয় ছিল, সেটা বলেছেন ইয়াসিরও।
এসব দেখেশুনে ইংল্যান্ড যদি ষড়যন্ত্রের গন্ধ পেয়ে থাকে, দোষ দেওয়া যাবে না। ইংল্যান্ডের সেই সন্দেহ কাল দূর করে দিলেন ওয়ার্ন নিজেই। এবার তিনি হাজির ইংলিশ অনুশীলনেও, এবার তাঁর ‘ছাত্র’ ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। আবুধাবিতে সর্বশেষে টেস্টে অভিষেক হওয়া রশিদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর হয়েই যেন সেটা জানালেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক, ‘ওর (রশিদ) মতো একজন তরুণ লেগ স্পিনারের জন্য সর্বকালের সেরা স্পিনারের সঙ্গে কিছুটা সময় কাটানো দারুণ ব্যাপার। সে (ওয়ার্ন) এত খোলা মনে আদিলের সঙ্গে কথা বলেছে যে, ওটা একটা অসাধারণ ব্যাপার ছিল।’
অথচ এই কুকের সঙ্গেই ওয়ার্নের সম্পর্কটা গত বছর প্রায় বেশ তিক্ত রূপ নিয়েছিল। পত্রিকায় এক কলামে কুকের পারফরম্যান্সের সমালোচনা করে তাঁকে অধিনায়কত্ব ছাড়তে বলেছিলেন ওয়ার্ন, যেটির কড়া জবাব দিয়েছিলেন কুকও। পরে অবশ্য ফোনে কথা বলে দুজন সব মিটমাট করেও নিয়েছেন। এএফপি।