আনন্দকে পাশে রেখেই নতুন শুরুর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের কাঠফাটা রোদ, চারদিক সুনসান। প্রায় জনমানবহীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকলে কে বলবে আগের রাতেই স্লোগানে প্রকম্পিত হয়েছে এই জায়গা! কে বলবে বাংলাদেশের ক্রিকেটের আরেকটি রোমাঞ্চকর অধ্যায় এখানে লেখা হয়ে গেছে মাত্রই ২৪ ঘণ্টা আগে!
সেই বিস্ময়টা আরও বাড়ল একটু পরই। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজে পরাজয়ের ক্ষতটা টাটকা, সামনের টেস্ট সিরিজে সেটা ভুলতে অনুশীলনে তারা তাই নেমে গেল সেই আগুন ঝরানো রোদে। কিন্তু বাংলাদেশ দলের মধুর স্মৃতিটা তো এত তাড়াতাড়ি মিলিয়ে যাওয়ার কথা নয়! ঈদের আগে পুরো দেশ যে অন্য রকম এক সুখানুভূতিতে বুঁদ, সেটির রেশ খেলোয়াড়দের মধ্যেও খানিকটা না থেকে পারেই না!
কিন্তু বাংলাদেশ দল যেন ক্ষণে ক্ষণে জানিয়ে দিচ্ছে, এই দল মাঠে বা মাঠের বাইরে বদলে গেছে অনেকটাই। এমন একটা দাপুটে জয়ের পরও সেই আনন্দে আচ্ছন্ন হয়ে থাকার সেই দিন তাই আর নেই। একটা সময়ে জয়ের জন্য হাপিত্যেশ করতে হতো, একটা জয় পেলে উদ্যাপন হতো বাঁধভাঙা। পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গেও সিরিজ জয়ে সেই উদ্যাপনটাকেও ‘নৈমিত্তিক’ বানিয়ে ফেলেছেন মাশরাফিরা। কাল তাই ভরদুপুরেই সবাই নেমে গেলেন অনুশীলনে।
তবে জয়ের যে উত্তুঙ্গ আত্মবিশ্বাস, সেটা বিচ্ছুরিত হচ্ছিল সবার শরীরী ভাষাতেই। জয়ের পর পুরো বাংলাদেশ দলের মনের কথাটা যেন মাহমুদউল্লাহই বলে দিলেন, ‘উদ্যাপনটা আসলে খুব স্বাভাবিক ছিল। খুব আলাদা করে সে রকম কিছু হয়নি।’
দুটি টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডেতেও হার, চারদিকজুড়ে একটা সমালোচনা-হতাশার যুগলবন্দী ঢেউ একটু একটু করে ফেনিয়ে উঠতে শুরু করেছিল। কিন্তু পরের দুই ওয়ানডেতে এমনই বিপুল বিক্রমে বাংলাদেশ ফিরল যে সেই ঢেউটা মিলিয়ে গেল পুরোপুরি। মাহমুদউল্লাহ যখন বলেন, ‘আমরা শুরু থেকেই বিশ্বাস করেছিলাম, প্রথম ম্যাচটা হেরে গেলেও আমরা পরের দুই ম্যাচ জিততে পারব। সিরিজ জেতার ব্যাপারে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম’—কথাটাকে ‘এ রকমই তো হওয়ার কথা’ বলে মেনে নিতেই হয়!
ব্যক্তি মাহমুদউল্লাহর কাছে সিরিজটাও কম প্রাপ্তির নয়। চোটের জন্য ভারতের সঙ্গে খেলতে পারেননি। নতুন এই বাংলাদেশ দলে নিজের জায়গা ধরে রাখার লড়াইটাও এখন সহজ নয়। মাহমুদউল্লাহ মানলেন, দর্শক হয়ে থাকাটা খুব সুখকর কিছু নয়, ‘অবশ্যই, চোটের জন্য বাইরে থাকতে হওয়াটা তো হতাশার। যেকোনো চোট থেকেই ফিরে আসাটা বেশ চ্যালেঞ্জিং।’ তবে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে আলো ছড়ানো তারা দ্বিতীয় ওয়ানডেতেই ফিফটি করে দেখিয়ে দিয়েছেন, চোট ব্যাটে খুব একটা মরচে ফেলতে পারেনি।
পেছন ফিরে তাকালে এই সময়টা খানিকটা পরাবাস্তব বলেই কি মনে হয় না! সাধারণ্যে যতটাই রোমাঞ্চ থাকুক, মাহমুদউল্লাহর কাছে সামনের চ্যালেঞ্জটাই বড়, ‘২০১৪-এর শুরুর দিকে আমরা খুব ভুগছিলাম। ২০১৪ সালের নভেম্বর থেকে আমরা ঘুরে দাঁড়ানো শুরু করলাম। আমার মনে হয় স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যেহেতু আমাদের মানটা আমরা আরও উঁচুতে নিয়ে যাচ্ছি, চেষ্টা থাকবে এটা ধরে রাখার।’
মাহমুদউল্লাহর এই কথাই তো আসলে বদলে যাওয়া বাংলাদেশের মনস্তত্ব!