আনন্দটা বড় পরাজয়ে ম্লান পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান আউট হওয়ার আগে ১০ হাজারি ক্লাবে ঢুকে গেছেন দিলশান। ছবি: এএফপি
রান আউট হওয়ার আগে ১০ হাজারি ক্লাবে ঢুকে গেছেন দিলশান। ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত। বেশ কেক-টেক কেটেই উদযাপন করেছে পাকিস্তান। এর আগে টেস্ট সিরিজ জয়ের আনন্দ তো ছিলই। কিন্তু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটায় এমন হার এল, সেই আনন্দ অবশ্যই ফিকে হতে বাধ্য। ১৬৫ রানের এই পরাজয় পাকিস্তানের ওয়ানডে ইতিহাসেই যে চতুর্থ বৃহত্তম পরাজয়।
হাম্বানটোটায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনারের ১৬৪ রানের জুটিতে ভর করে ৪ উইকেটে ৩৬৮ রানের বড় স্কোর গড়ে। তিলকরত্নে দিলশান ৬২ রান করে ফিরে যখন ফিরে গেছেন, ততক্ষণে চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়া হয়ে গেছে তাঁর। অন্য ওপেনার কুশল পেরেরা করেছেন ১১৬। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৭০ আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে। সিরিবর্দনার সংগ্রহ ছিল ৫২ রান।
পাকিস্তানের হয়ে রাহাত আলী ২ উইকেট নিয়েছেন। বাকি দুইজন রান আউটের শিকার।
৩৬৯ রানের জবাবে পাকিস্তানের শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে ফেলে তাঁরা। কিন্তু এর পরই পথ হারায়। শেষ পর্যন্ত অলআউট হয় ২০৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ করেছেন মোহাম্মদ হাফিজ। সেনানায়েকে নিয়েছেন ৩ উইকেট।