আনন্দদায়ী ক্রিকেটে অন্য বিনোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে পণ্ড ম্যাচের পুরস্কার বিতরণীতে স্যামি-বিনোদন। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ট্রফিটা ভাগাভাগি করে নিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আর ট্রফিদাতা বিসিবি পরিচালক নাঈমুর রহমানের সমান্তরালে ‘খাটো’ হয়ে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের বিশালদেহী অধিনায়ক ড্যারেন স্যামি। কাল সেন্ট কিটসে ।  এএফপি
বৃষ্টিতে পণ্ড ম্যাচের পুরস্কার বিতরণীতে স্যামি-বিনোদন। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ট্রফিটা ভাগাভাগি করে নিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আর ট্রফিদাতা বিসিবি পরিচালক নাঈমুর রহমানের সমান্তরালে ‘খাটো’ হয়ে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের বিশালদেহী অধিনায়ক ড্যারেন স্যামি। কাল সেন্ট কিটসে । এএফপি

আবহাওয়ার পূর্বাভাসে এ রকম একটা শঙ্কা ছিলই। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়ে ভাসিয়ে নিয়ে গেল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু আসলেই কি ভাসিয়ে নিল! নাকি ভিজিয়ে দিল?
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ওপেনার তামিম ইকবাল আর এনামুল হক (বিজয়) মিলে শুরুটা করলেন চমৎকার। ঝড়-বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৪ ওভার ৪ বলে ৩১ রান। তামিমের ১১ আর বিজয়ের রান ছিল ১৯। ঠিক তখনই এমন ঝড় শুরু হলো যে দুই দলের খেলোয়াড়েরা ১০০ মিটার স্প্রিন্টের গতিতে ড্রেসিংরুমের দিকে দিলেন ছুট।
খেলোয়াড়েরা তো তবু ছুটে বাঁচলেন, গ্যালারির দর্শকেরা হয়ে গেলেন কাকভেজা। মাঠের এক পাশে তাঁবু টাঙিয়ে বিশেষ অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে সস্ত্রীক ছিলেন বিসিবির পরিচালক নাঈমুর রহমানও। ঝড়ের চোটে সেই তাঁবু গেল উপড়ে। তাতে কয়েকজন ছোটখাটো চোট পেলেও বাংলাদেশের অতিথিরা নিরাপদেই ছিলেন।
দমকা হাওয়ার সঙ্গে ওয়ার্নার পার্কে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে ততক্ষণে। মাঠকর্মীরা পিচ কভার নিয়ে মাঠে দৌড়ে গেলেও অর্ধেকটা এসে আটকে গেলেন। বাতাসের তোড় ছিল প্রচণ্ড। কভার নিয়ে উইকেট পর্যন্ত যেতেই পারছিলেন না তাঁরা। বাতাস ঠেলে যখন সেখানে পৌঁছালেন, ততক্ষণে উইকেট ভিজে শেষ। পরে কভার দিয়ে মাঠের মাঝখানটা ঢাকা গেলেও সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। বৃষ্টি থামার পর সুপার সুপার দিয়ে দ্রুত আউট ফিল্ড শুকিয়ে ফেলা হলো। কিন্তু ভেজা উইকেটে তো আর ক্রিকেট খেলা যায় না! স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে মাঠ পরিদর্শন করে তাই আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন। দুদলের অধিনায়কের হাতে একসঙ্গে টি-টোয়েন্টি ম্যাচের ট্রফি তুলে দিলেন নাঈমুর রহমান।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটও চলল ওয়ার্নার পার্কে। ফ্লাডলাইটসহ পুরো স্টেডিয়ামের সব বাতি একটু পর পর নেভে আর জ্বলে। ম্যাচ বাতিল হওয়ার আগ পর্যন্ত বিদ্যুতের এ আসা-যাওয়া হলো পাঁচবার। আশপাশের সব জায়গায় বিদ্যুৎ থাকলেও মাঠে কেন এ বিভ্রাট, সেটার কোনো ব্যাখ্যা মিলল না। যাকেই জিজ্ঞেস করা হয়, উত্তর একটাই, ‘আই হ্যাভ নো আইডিয়া।’
তবে এ ঝড়-বৃষ্টি বা বিদ্যুৎ বিভ্রাট বিনোদনের ক্রিকেট থেকে ক্রিকেটটা কেড়ে নিলেও বিনোদন একেবারেই কেড়ে নিতে পারেনি। খেলা বন্ধ হওয়ার পরও নাচে-গানে মেতে থাকল পুরো স্টেডিয়াম। ডিজে মিউজিকের তালে সবার ক্যারিবীয় নাচ দেখে মনে হচ্ছিল তাঁরা বুঝি স্টেডিয়ামে নাচতেই এসেছেন, খেলাটা উপলক্ষ। টেলিভিশন ক্রুরা একেক দর্শকের ওপর ক্যামেরা তাক করেন, আর ওই দর্শক গানের তালে তালে নাচতে থাকেন। জায়ান্ট স্ক্রিনে সেই নাচ উৎসাহিত করছিল অন্যদেরও।
বাংলাদেশ দল অবশ্য বিনোদনের মধ্যে কাটাবে আজকের দিনটাও। আবহাওয়া ভালো থাকলে সকালে পুরো দল আর টিম ম্যানেজমেন্ট যাবে নৌবিহারে। নেভিসের কাছাকাছি কোথাও গিয়ে খেলোয়াড়দের জাহাজ আবার সেন্ট কিটসে ফিরে আসবে, এমনটাই পরিকল্পনা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেন্ট কিটসে বৃষ্টি হবে আজ এবং আগামী কয়েক দিনও।
বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মিডিয়া অফিসার অ্যাড্রিয়েল রিচার্ডস এই প্রতিবেদককে ইন্টারনেটে সেটাই দেখাচ্ছিলেন। যে ঝড়ে খেলা বাতিল হয়ে গেল, ক্যারিবিয়ান সমুদ্রের কোন জায়গায় সেটির উৎপত্তি, তা দেখিয়ে বললেন, এটা হারিকেনের মৌসুম। এ রকম হওয়াটাই স্বাভাবিক এখন। আর পূর্বাভাসেও ছিল আজ (গতকাল) ঝড় হতে পারে। সেন্ট কিটসের খুব কাছেই এর উৎপত্তি।
নৌবিহার শেষে কাল আবার অনুশীলন, পরশু থেকে তো ওয়ার্নার পার্কে সেন্ট কিটস অ্যান্ড নেভিস জাতীয় দলের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচই শুরু হবে বাংলাদেশের। টেস্ট দলের বাইরে থাকাদের অবশ্য কাল-পরশুর মধ্যে দেশে ফিরে যাওয়ার কথা। এ দলে আছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, তাসকিন আহমেদ ও বিসিবি সূত্রমতে সোহাগ গাজী। মাশরাফি ফিরছেন কুঁচকির ব্যথা নিয়ে। ব্যথাটা তৃতীয় ওয়ানডেতে পেলেও কাল দল ঘোষণার আগ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। পরে ফিজিও বিভব সিংয়ের পরামর্শে একাদশের বাইরে রাখা হয় মাশরাফিকে। এক সপ্তাহের বিশ্রামও দেওয়া হয়েছে তাঁকে। টি-টোয়েন্টি ম্যাচে ১১ জনের বাইরে ছিলেন মুমিনুল, সোহাগ ও ইমরুলও। উদ্দেশ্য, অন্যদের মাঠে নামার সুযোগ করে দেওয়া। ঝড়-বৃষ্টিতে সেটা আর হলো কই!
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতি ম্যাচ নেই বলে দুদিনের ছুটি পেয়েছেন খেলোয়াড়েরা। ছুটি কাটিয়ে সবাই প্রথম টেস্টের ভেন্যু সেন্ট ভিনসেন্টে একত্র হবেন। সেন্ট কিটস থেকে যাবেন শিবনারায়ণ চন্দরপলও। সেন্ট কিটস থেকে, কারণ গায়ানার মানুষ হলেও অতিথি খেলোয়াড় হিসেবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে যে তিন দিনের প্রস্তুতি ম্যাচটা খেলবেন তিনিও!