আনন্দদায়ী বুমরাই কষ্ট বাড়ালেন শ্রীলঙ্কার
অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো কোনো রাখঢাক রেখে মন্তব্য করতে রাজি নন। মোহালি টেস্ট শেষে ভারত ও শ্রীলঙ্কা দলের পার্থক্য বোঝাতে যে ম্যাচ রিপোর্ট লিখেছেন ক্রিকইনফোর এই প্রতিবেদক, তা নিরপেক্ষ সমর্থকদের আনন্দের খোরাক হলেও শ্রীলঙ্কান খেলোয়াড়দের গায়ে বিছুটি ডলে দেওয়ার কথা। গতকাল বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা শেষের রিপোর্টও শ্রীলঙ্কা দলের কারও মুখে হাসি ফোটানোর কথা নয়। এমন ভয়ংকর উইকেট ও কন্ডিশন আর সে সঙ্গে প্রতিপক্ষকেও ভারত দল কীভাবে হাস্যাস্পদ বানাচ্ছে, তার বর্ণনা দিয়েছেন ফার্নান্দো।
আজ এখনো দিনের প্রতিবেদন লেখার সময় আসেনি। তাই টুইটারেই ব্যস্ত আছেন ফার্নান্দো। দিনের খেলা শুরু হতে না হতেই তাঁকে ব্যস্ত করেছেন যশপ্রীত বুমরা। ৪ উইকেট হাতে রেখে খেলতে নামা শ্রীলঙ্কা আজ দ্বিতীয় দিনের দুপুরে ৩৫ বলের মধ্যেই গুটিয়ে গেছে। ভারতের ২৫২ রানের জবাবে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট শ্রীলঙ্কা। ফার্নান্দো এর আগেই অবশ্য দিনের প্রথম টুইট করে ফেলেছেন, ‘যশপ্রীত বুমরা। (ওকে বোলিং করতে দেখা) কী পরিপূর্ণ, শর্তহীন আনন্দ।’
বুমরার বোলিং নিখাদ ক্রিকেটভক্তকে মুগ্ধ করবেই। তবে বেঙ্গালুরুর স্পিন স্বর্গে বুমরা যা করেছেন, তাতে শ্রীলঙ্কান হয়েও স্তুতিবাক্যে লাগাম দিতে পারছেন না ফার্নান্দো। প্রথম দিনে মনে হয়েছে এই উইকেটে পেসাররা অতিথি হয়ে ঘুরে বেড়াবেন। সন্ধ্যা নামার আগেই সে চিন্তা দূর করে দিয়েছিলেন বুমরা। পাঁচ ওভারের মধ্যেই ২ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। পরের স্পেলে এসে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার হয়ে লড়তে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকেও।
আজ সকালেও খুব বেশি সময় নেননি বুমরা। নিজের অষ্টম বলেই লাসিথ এম্বুলদেনিয়াকে তুলে নিয়েছেন। টানা শর্ট বল করে লঙ্কান ব্যাটসম্যানদের কাল থেকেই অস্বস্তিতে ফেলছিলেন, সেই শর্ট বলেই এম্বুলদেনিয়াকে আউট করেছেন বুমরা। ঠিক ৬ বল পরই নিরোশান ডিকভেলাকে তুলে নিয়েছেন। এবারও শর্ট বল। বহু চেষ্টা করেও বাউন্সার এড়াতে পারেননি শ্রীলঙ্কার উইকেটকিপার। বল তাঁকে পার করে যাওয়ার আগে গ্লাভসের স্পর্শ নিয়ে গেছে।
ডিকভেলার সে উইকেট দিয়েই একটা প্রথমের দেখা পেয়েছেন বুমরা। টেস্টে ঘরের মাঠে এই প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছেন বুমরা। ২৪ রানে ৫ উইকেট পেয়ে ভারতের মাটিতে নিজের উইকেট সংখ্যাকে ১১-তে নিয়ে গেছেন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার। গতি, বাউন্স আর অবিশ্বাস্য নিয়ন্ত্রণের জন্য সাম্প্রতিক সময়ের সেরা পেসারদের একজন হয়ে উঠলেও ঘরের মাঠে মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেছেন।
ঘরের বাইরেই তাঁকে বেশি দেখা যায়। আর গত কয়েক বছরে প্রতিপক্ষের মাঠে ভারতের দাপুটে চেহারা বুমরার কারণেই। প্রতিপক্ষের মাঠে ২৫ টেস্টে ১০৯ উইকেট বুমরার। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। অ্যান্টিগাতে ৭ রানে ৫ উইকেটের এক স্পেল দেখে তো ক্যারিবীয়রা কিংবদন্তিরাই প্রশংসায় ভাসিয়েছিলেন বুমরাকে।
আজ ভারতের দ্বিতীয় ইনিংসেও দাপট দেখাচ্ছেন শ্রীলঙ্কার স্পিনাররা। এর মধ্যেই বুমরার স্পেল তাই নির্মল আনন্দের জন্ম দেবে, এটাই স্বাভাবিক। তবে শ্রীলঙ্কা দলের কেউ মনে হয় না খুব একটা আনন্দ পাচ্ছেন বুমরার এমন পারফরম্যান্সে।