
বাস্তব কখনো কখনো কল্পনাকেও ছাড়িয়ে যায়। জেমস ফকনারের বাস্তবটাও এখন কল্পনার চেয়ে রঙিন। বছর দুয়েক আগে পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন ওয়ানডে অভিষেক হয়, তখন কি তিনি নিজেও ভেবেছিলেন আসছে বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হবেন? ক্লার্ক-স্মিথ-ম্যাক্সওয়েল-ওয়ার্নার-ফিঞ্চের মতো তারকাদের ভিড়ে এমন একটা স্বপ্ন দেখতে সাহস লাগে বৈকি! সেই স্বপ্নটাই যখন এভাবে বাস্তব হয়ে এল, ফকনার তো হাওয়ায় উড়বেনই।
শুধু স্কোরবোর্ডটা দেখলে অবশ্য ফাইনালে ফকনারের ম্যাচসেরা হওয়াটা অনেককেই বিস্মিত করবে। ৯ ওভার বল করে ৩৬ রানে ৩ উইকেট নেন ফকনার। সমান ওভার বোলিং করে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন মিচেল জনসন। আবার তাড়া করতে নেমে ব্যাট হাতে ৭২ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। এদের ছাপিয়ে ফকনারের ম্যাচসেরা হওয়ার কারণ আছে বৈকি। ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়ে দলের ইনিংসটা প্রায় মেরামত করে এনেছিলেন রস টেলর আর গ্রান্ট এলিয়ট। ফকনার আঘাত হানেন তখনই। ৩৫তম ওভারে ব্যাটিং পাওয়ার প্লের প্রথম বলেই থিতু হওয়া ব্যাটসম্যান টেলরকে ফিরিয়ে দেন। তৃতীয় বলে সরাসরি বোল্ড করেন কোরি অ্যান্ডারসনকে। এরপর ৪২তম ওভারে অসাধারণ এক স্লোয়ার ডেলিভারিতে ব্রাড হাডিনের ক্যাচ বানান সেমিফাইনালে নিউজিল্যান্ডের নায়ক এলিয়টকে। গুরুত্বপূর্ণ এই তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে আসলে কিউইদের মিডল অর্ডারই গুঁড়িয়ে দেন ফকনার। ম্যাচসেরার পুরস্কারটা পেয়ে তাই অসীম আনন্দে ভাসছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, ‘মেলবোর্নে ৯০ হাজার দর্শকের সামনে আমি! অসাধারণ এক অনুভূতি।’
চোটের কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ফিরলেও ফিটনেস সমস্যাটা তখনো পুরোপুরি কাটেনি। তবে সেই ফিটনেস ফিরে পেতে সাহায্য করার জন্য ফকনার কৃতজ্ঞতা জানিয়েছেন ফিজিও ও কোচিং স্টাফদের। তাঁর ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ককে, ‘সত্যি কথা বললে, আমি ভাবতে পারিনি আজ এখানে থাকতে পারব। পাওয়ার প্লেতে অধিনায়ক আমার হাতে বল তুলে দিলেন। তাঁকে উইকেট এনে দিতে পেরে আমি আনন্দিত।’ স্টার স্পোর্টস।