আনফিট হলেই বেতন কাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে কঠোর হচ্ছে সেদেশের বোর্ড ছবি: এএফপি
পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে কঠোর হচ্ছে সেদেশের বোর্ড ছবি: এএফপি

খেলোয়াড়দের ফিটনেস-শৃঙ্খলা বজায় রাখতে অভিনব পন্থাই অবলম্বন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিভুক্ত খেলোয়াড়েরা যদি নিজেদের ফিটনেস ধরে রাখতে না পারেন, তাহলে মাস শেষে কেটে নেওয়া হবে মোট বেতনের ২৫ শতাংশ। 
পিসিবি নতুন এই নীতি প্রয়োগ করতে যাচ্ছে খুব তাড়াতাড়িই। একই সঙ্গে বেতন-কাঠামোর অধীনে থাকা খেলোয়াড়দের জন্য ১৭ ধাপের নতুন একটি ফিটনেস-পরীক্ষাও চালু করা হচ্ছে দ্রুতই। এ ১৭টি ধাপের সাহায্যে পরীক্ষা করে দেখা হবে খেলোয়াড়েরা ফিটনেস-চর্চার বিষয়গুলো পুরোপুরি মেনে চলছেন কি না।
চুক্তিভুক্ত খেলোয়াড়দের ইতিমধ্যেই ফিটনেস-চর্চার নির্দেশিকা ধরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট একাডেমির ফিটনেস-ট্রেনার প্রণীত এই নির্দেশিকা খেলোয়াড়েরা ঠিকমতো মেনে চলছেন কি না, প্রতি তিন মাস অন্তর সেটা পরীক্ষা করারও সিদ্ধান্ত হয়েছে। সেই পরীক্ষায় যেসব খেলোয়াড় পুরোপুরি উতরাতে পারবেন না, তাঁদের জন্য থাকছে এই বেতন কাটার শাস্তি।
পাকিস্তান দলের বোলিং কোচ মোহাম্মদ আকরাম জানিয়েছেন, বোর্ড খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার জন্য যে নতুন ধরনের পদ্ধতি হাতে নিয়েছে, তাতে ফাঁকির কোনো সুযোগ নেই। তিনটি ক্যামেরার সাহায্যে ১৭ ধাপে এই পরীক্ষা হবে। খেলোয়াড়েরা যদি ফিটনেস-নির্দেশিকা মেনে না চলেন, তাহলে তা প্রযুক্তির সাহায্যে খুব সহজেই ধরা পড়ে যাবেন।
আনফিট খেলোয়াড়দের শাস্তির পাশাপাশি ফিটনেস-নির্দেশিকা মেনে চলা খেলোয়াড়দের প্রণোদনার ব্যবস্থাও করা হবে। আকরাম জানিয়েছেন, যেসব খেলোয়াড় সবকিছু ঠিকমতো মেনে চলবেন, তাঁদের বেতন ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের সাবেক এই টেস্ট ক্রিকেটার মনে করেন, বোর্ডের এই পদক্ষেপে খেলোয়াড়েরা ফিটনেসের ব্যাপারটি বেশ গুরুত্বের সঙ্গেই দেখবেন। এএফপি।