আনুশকাকে নিয়ে 'বিরাট' ঝামেলায় কোহলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা-কোহলির প্রেমে বিসিসিআইয়ের বাধা! ফাইল ছবি
আনুশকা-কোহলির প্রেমে বিসিসিআইয়ের বাধা! ফাইল ছবি

রেকর্ডে শচীন টেন্ডুলকার আর অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকার ভাবা হচ্ছিল তাঁকে। ইংলিশ পেসারদের সুইংয়ের সুইয়ে বারবার বিদ্ধ হওয়া সেই বিরাট কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তো উঠছেই, একই সঙ্গে প্রশ্ন উঠল দলীয় শৃঙ্খলার প্রতি আত্মনিবেদন নিয়েও।

মাঠে কোহলি যখন খাবি খাচ্ছিলেন, যখন আরও বেশি মনোযোগ দাবি করছিল তার ফর্ম, সেই সময় কোহলি নাকি মাঠের বাইরে প্রেমে মত্ত। শুধু তা-ই নয়, সিরিজের শুরুতে বেশ লম্বা সময় ধরে কোহলির সঙ্গে একই হোটেলকক্ষে রাত্রি যাপন করেছেন আনুশকা শর্মা। যেটি ভারতীয় মিডিয়ার চোখে ‘নজিরবিহীন’। 

খোঁজ নিতে বেরিয়ে এল, কোহলি যেন আরও উজ্জীবিত হন, সে কারণেই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) বিশেষ বিবেচনায় কোহলিকে আনুশকার সঙ্গে অস্থায়ী সংসার পাতার অনুমতি দিয়েছিল। কিন্তু এতে লাভ তো হয়ইনি, উল্টো কোহলি ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন। টেস্ট সিরিজে ১০ ইনিংসে ১৩৪ রান করেছেন। একটাও ফিফটি নেই। গড় ১৩.৪০। এই সিরিজে তাঁর চেয়েও ভালো ব্যাটিং গড় আছে অ্যান্ডারসন-ব্রডদের। তাতেও কোহলি যদি লজ্জা না পান, এই তথ্যে নিশ্চয়ই মাথা কাটা যাবে তাঁর—কোহলির চেয়ে ভারতীয় পেসার মোহাম্মদ শামির ব্যাটিং গড়ও ভালো ছিল!

আনুশকাকে নিয়ে একই টিম হোটেলে কোহলির রাত্রিযাপন বিসিসিআইয়ের অনেক কর্মকর্তাই ভালো চোখে নেননি। শুধু তা-ই নয়, অনেকে ক্ষুব্ধও। তাঁদের দাবি, এভাবে প্রেমিকাকে নিয়ে একসঙ্গে থাকা নিয়মবিরুদ্ধ। শৃঙ্খলাভঙ্গের পর্যায়েও পড়ে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনেকে নাকি আনুশকাকে কোহলির সঙ্গে দেখে চমকেও যান। ব্যাপারটা পুরো অজানাই ছিল তাঁদের। কিন্তু কোহলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ তাঁরা নিতে পারেননি। কারণ খোঁজ নিতেই জানা গেল, কোহলিকে বান্ধবী নিয়ে থাকার অনুমতি দিয়েছেন খোদ বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল।

কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি দলের ম্যানেজার সুনীল দেব। তাঁর যুক্তিটা পরিষ্কার। কোহলি আর আনুশকা বিবাহিত নন। এখন দলের বাকিরাও যদি কোহলির দৃষ্টান্ত সামনে তুলে ধরে দাবি করে তাদেরও প্রেমিকাকেসহ থাকতে দিতে হবে, তখন কী হবে?

প্রবাসে আনুশকা-কোহলির প্রেমপর্ব নিয়ে নাকি দলের মধ্যে উত্তপ্ত কথাবার্তাও হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এমন খবর রটে যায়, এখন থেকে কোনো বিদেশ সফরে বউ-বান্ধবীদের আর সঙ্গে নিতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। এটাই নাকি নিয়ম করছে বিসিসিআই। একে তো দলের ভরাডুবি, সামনেই আবার বিশ্বকাপ। এরই মধ্যে রবি শাস্ত্রীকে দলের পরিচালক হিসেবে নিয়োগও দেওয়া হয়েছে। শাস্ত্রী দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিয়েছেন, দলের স্বার্থে তাঁর তলোয়ার যেকোনো জায়গাতেই ঘা বসাতে পারে। সূত্র: এবেলা ও টাইমস অব ইন্ডিয়া।