পাকিস্তানের বিপক্ষে অমন অসাধারণ ব্যাটিং করে দলকে জেতালেন। যে পিচে অন্য সব ব্যাটসম্যান খাবি খাচ্ছিলেন, সেখানে কেমন সাবলীলভাবে ৩৭ বলে ৫৫ রান করে ফেললেন বিরাট কোহলি! এমন ইনিংসের পর চারদিক থেকে যে ভারতীয় ব্যাটসম্যানের প্রশংসা চলবে, সেটি তো অনুমিতই। পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খান তো কোহলির মধ্যে সর্বকালের সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা দেখছেন। তবে এত বড় প্রশংসাও হয়তো একটু ফিকে হয়ে যাবে অন্য এক বার্তার কাছে। হোক না সাবেক, এ যে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া। ম্যাচের পর কোহলিকে অভিনন্দন জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছেন সাবেক প্রেমিকা আনুশকা শর্মা। ২৭ বছর বয়সী বলিউড অভিনেত্রীর সঙ্গে কোহলির সম্পর্ক চুকেবুকে গেছে বেশ আগেই। এরপর থেকেই দুজন অনেকটা ‘স্পিকটি নট’। তবে পরশু ম্যাচের পর সব ভুলে গিয়ে ঠিকই ভারতের টেস্ট অধিনায়ককে খুদে বার্তা পাঠিয়েছেন আনুশকা। সম্পর্ক জোড়া লাগানোর কোনো ইঙ্গিতও কি দিলেন? এএনআই।