খবরটা চমকের মতোই হয়ে এল। ট্রাইব্যুনালের রায়ে আপিলের পর বিসিবির শৃঙ্খলা প্যানেল কারও শাস্তি কমিয়ে, কাউকে নতুন করে শাস্তি দিয়ে রায় দিয়েছিল। তখন মনে হচ্ছিল, বিপিএল ফিক্সিংয়ের বিচারিক অধ্যায় বুঝি ওখানেই শেষ। দুই পক্ষেরই এটি সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) নিয়ে যাওয়ার সুযোগ আছে, এটা জানাই ছিল। তবে বিপিএল ফিক্সিংয়ের বিচার সত্যি সত্যিই খেলাধুলার সর্বোচ্চ আদালতে গড়াবে, অন্তত বাংলাদেশের ক্রিকেট মহলের কেউ তা ভেবেছিলেন কি না সন্দেহ।
গত পরশুর খবরটা এ কারণেই চমক। সাবেক বিচারপতি আবদুর রশিদের নেতৃত্বাধীন বিসিবির শৃঙ্খলা প্যানেলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আইসিসি ও বিসিবি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এটিকে নিয়ে গেছে সিএএসে।
ট্রাইব্যুনাল প্রথমে মোহাম্মদ আশরাফুলকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কার করলেও শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে আপিলের পর সেটি পাঁচ বছরে নেমে আসে। এর দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকায় ২০১৬ সালেই আশরাফুলের ক্রিকেটে ফেরায় কোনো বাধা ছিল না। প্রথমে ‘নির্দোষ’ বলে রায় পেলেও বিসিবি ও আইসিসির আপিলের পর ১০ বছরের জন্য বহিষ্কার করা হয় বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীকে। তাঁর ছেলে ও ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর ১০ বছরের নিষেধাজ্ঞার শাস্তিও বহাল রাখা হয়। ছয় মাস কমানো হয় দেড় বছরের জন্য নিষিদ্ধ কৌশল লোকুয়ারাচ্চির শাস্তি।
লোকুয়ারাচ্চি ছাড়া বাকি তিন জনেরই আরও বেশি শাস্তি পাওয়া উচিত বলে মনে করে আইসিসি। ‘নির্দোষ’ ঘোষিত তিন ক্রিকেটার বাংলাদেশের মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম এবং ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্সও ফিক্সিংয়ে জড়িত ছিলেন বিশ্বাস থেকে সিএএসের কাছে তাদের রায়ের ব্যাপারেও আপত্তি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিপিএল ফিক্সিংয়ের বিচারকার্যে আইসিসি ও বিসিবি শুরু থেকেই একসঙ্গে কাজ করলেও সিএএসে যাওয়ার ব্যাপারে বেশি উদ্যোগী ছিল আইসিসিই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন, ‘আমাদের আইনজীবীকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সব এখতিয়ার দেওয়া আছে।’
সিএএসে যাওয়ার পর পরবর্তী কার্যক্রম কী হবে, সেটা অবশ্য কালই বলতে পারলেন না বিসিবির আইনজীবী ব্যারিস্টার মুদাসসির হোসেন, ‘সিএএসের কাছ থেকে জবাব পাওয়ার পরই আমরা জানব এরপর কী হবে।’ তবে বিপিএল-ফিক্সিংয়ের বিচার সিএএসে যাওয়ায় বিস্মিত ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী, ‘আমরা ভাবিনি, তারা এটা সিএএসেও নিয়ে যাবে।’ সঙ্গে বলেছেন, এ ব্যাপারে করণীয় ঠিক করতে সিএএসের কাছ থেকে লিখিত নোটিশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।
বাংলাদেশের দুই ক্রিকেটার মোশাররফ হোসেন ও মাহবুবুল আলমের আইনজীবী ব্যারিস্টার নুরুস সাদিক অবশ্য এখনই আত্মবিশ্বাসী, তাঁর মক্কেলরা সিএএসেও নির্দোষ প্রমাণিত হবেন, ‘আমরা আমাদের ক্লায়েন্টদের পক্ষে যেসব পয়েন্ট তুলে ধরেছি, এরপর আর তাদের কোনো শাস্তি হওয়ার সুযোগ নেই। আমার দৃঢ় বিশ্বাস সিএএসেও তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে প্রমাণিত হবে।’ সিএএসের কাছ থেকে কাল দুপুর পর্যন্ত লিখিত কোনো নোটিশ পাননি মোশাররফ-মাহবুবুলের আইনজীবীও। নোটিশ পেলে সুইজারল্যান্ডে অবস্থিত সিএএসে মামলা লড়তে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমরা সেখানে অনুপস্থিত থেকেও মামলা লড়তে পারি। প্রয়োজনে ই-মেইলে আমাদের বক্তব্য পাঠিয়ে দেব।’
বিপিএলের দ্বিতীয় আসরে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (আকসু) ঢাকা গ্ল্যাডিয়েটরসের নয় খেলোয়াড়-কর্মকর্তার বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আনে। অভিযুক্তদের মধ্যে ছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ভারতের গৌরব রাওয়াত, বোলিং কোচ মোহাম্মদ রফিক, খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেন, মাহবুবুল আলম, কৌশল লোকুয়ারাচ্চি ও ড্যারেন স্টিভেন্স। বিচারপ্রক্রিয়া চলাকালীন ঘটনার সঙ্গে জড়িত হিসেবে নাম আসে লু ভিনসেন্টেরও।
বিপিএল ফিক্সিংয়ের বিচারের জন্য সাবেক বিচারপতি আবদুর রশিদকে প্রধান করে ১০ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন করে বিসিবি। সেখান থেকে সাবেক বিচারপতি খাদেমুল ইসলামকে প্রধান করে গঠিত হয় তিন সদস্যের ট্রাইব্যুনাল। গত বছরের ১৮ জুন আসে ট্রাইব্যুনালের রায়। যেটির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করে আইসিসি ও বিসিবি। তাদের বিস্ময়টা মূলত ছিল বেকসুর খালাস পাওয়াদের রায়ের ক্ষেত্রে। পরে তারা আপিল করে শৃঙ্খলা প্যানেলের কাছে। আপিল করেন শাস্তি পাওয়া খেলোয়াড়-কর্মকর্তারাও। আপিলের রায় হয় গত ২৯ সেপ্টেম্বর। সে রায়েও সন্তুষ্ট না হয়ে আইসিসি-বিসিবি এখন সিএএসে গেছে। বোঝাই যাচ্ছে, বিপিএল ফিক্সিংয়ের বিচার নিয়ে আইসিসির মনোভাবটা যথেষ্টই কঠোর।