আন্তর্জাতিক ক্রিকেট অত সহজ নয়, বুঝলেন শাদাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাদাবের ওপর দিয়েই ঝড় বয়ে গেল এবার। ছবি: এএফপি
শাদাবের ওপর দিয়েই ঝড় বয়ে গেল এবার। ছবি: এএফপি

শাদাব খান মুদ্রার অন্য দিকটাও দেখলেন কাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ১৮ বছর বয়সী এই লেগ স্পিনার পাকিস্তানের প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন। অসাধারণ বল করেছিলেন। দুই ম্যাচে তুলে মাত্র ৩ গড়ে পেয়েছিলেন ৭ উইকেট। কাল ৩.৫ ওভার বল করে শাদাব দিয়েছেন ৩৮ রান। একমাত্র উইকেটটি এলভিন লুইসের। ১৪তম ওভারের চতুর্থ বলে লুইসকে ফেরালেন যখন, ম্যাচ ততক্ষণে প্রায় শেষ। লুইসই ৫১ বলে ৯১ রানের ঝড় তুলে ছিটকে দিয়েছে পাকিস্তানকে।

পাকিস্তানের ১৩৭ রান ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেছে মাত্র ৩ উইকেট হারিয়েই। ৭ উইকেটের বড় জয় দিয়ে সিরিজে টিকে থাকল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
শাদাবের ১৪টি ডেলিভারির মুখোমুখি হয়েছিলেন লুইস। ৭ বলে কোনো রান নেই। সিঙ্গেলস নিয়েছেন ৩টি। একটি বাউন্ডারি। তবে তিনটি ছক্কা মেরে শাদাবকে লুইস বুঝিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কত কঠিন। লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে মাত্র ১৪.৫ ওভার! লুইস আউট হয়েছিলেন ঠিক এর আগের বলে।
টসে জিতে ব্যাট করা পাকিস্তান ৪ রানে ২ উইকেট হারিয়ে পড়েছিল বড় বিপর্যয়ে। কামরান আকমল ৩৭ বলে ৪৮ রান করেন। সঙ্গে ছিলেন বাবর আজম। তিনি করেন ৩৮ বলে ৪৩। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ৮৮ রান যোগ করে বিপর্যয়টা সামাল দিয়েছিলেন ভালোভাবেই। ১২ ওভারে ২ উইকেটে ৯২, পাকিস্তান তখন বড় সংগ্রহের দিকেই।
কিন্তু শেষ ৮ ওভারে রান তোলার তাগাদা আর স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে ভারসাম্যহীন করে তোলে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৮ উইকেটে তারা থমকে যায় ১৩৭ রানে । ২২ রানে ২ উইকেট নেন স্যামুয়েল বদ্রি। কেসরিক উইলিয়ামস, সুনীল নারাইন ও কার্লোস ব্রাফেটরা নেন একটি করে উইকেট।
এত কম সংগ্রহ নিয়েও পাকিস্তান আশা দেখেছিল নিশ্চয়ই। যার কেন্দ্রে ছিলেন শাদাব। আগের ম্যাচেই পাকিস্তানের ১৩২ রান তাড়া করে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লুইস-ঝড়ে এবার উড়ে গেল সেই স্বপ্ন। তাঁর ৫১ বলে ৯১ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছয়। লুইসের ব্যাটিং-তাণ্ডবের সামনে অসহায় পাকিস্তানি বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন সোহেল তানভীর, শাদাব ও ওয়াহাব রিয়াজ।
সিরিজের শেষ ম্যাচ আজ। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে হয়ে যাবে ২-২ সমতা।