আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাফিজ
বয়স হয়ে গেছে ৪১। সেই ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও দেশের টানে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন, খেলেছেন কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
বিশ্বকাপ শেষেই মনে হলো যথেষ্ট হয়েছে, আর নয়। দেশকে আর তেমন কিছু দেওয়ার নেই তাঁর। সবুজ জার্সিটা আলমারিতে তুলে রাখার সময় হয়েছে। হয়তোবা ভেবেছেন আবিদ আলী, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম আর শাদাব খানদের সঙ্গে লড়াই করে একাদশে জায়গা করে নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে।
বলা হচ্ছিল মোহাম্মদ হাফিজের কথা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। পাকিস্তানকে সব ধরনের ফরম্যাটে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার যদিও খেলে যাবেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৩৯২ ম্যাচ খেলেছেন, ১২ হাজার ৭৮৯ রান করার পাশাপাশি ডানহাতি অফ স্পিনে তুলে নিয়েছেন ২৫৩ উইকেট। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত এই ক্রিকেটার খেলেছেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে আর ১১৯ টি-টোয়েন্টিতে। তিনটি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি অংশ নিয়েছেন ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে।
দেশকে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিও জিতিয়েছেন। ক্যারিয়ারে আক্ষেপ একটাই, যে একটা বিশ্বকাপে খেলেননি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপেই জিতেছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটাই পাকিস্তানের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকবে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা পাকিস্তান যে ম্যাচে ম্যাথু ওয়েড আর মিচেল মার্শের ঝড়ে উড়ে গিয়েছিল।
সব মিলিয়ে ৩২ বার ম্যাচসেরা হয়েছেন, শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) আর ইনজামাম-উল-হকের (৩৩) পর যা সর্বোচ্চ। এর পাশাপাশি ৯ সিরিজে সেরা হয়েছেন।
পাকিস্তান সময় আজ সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) আনুষ্ঠানিকভাবে লাহোরে অবস্থিত পিসিবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেবেন এই ক্রিকেটার। গত এক দশকে ন্যূনতম ৪ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার এই হাফিজ।