আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন ক্যালিস

গত ডিসেম্বরে বিদায় বলে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে। তবে রঙিন পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে যেতে চেয়েছিলেন আরও কিছু দিন। আগামী বিশ্বকাপে তাঁকে দলে চেয়েছিলেন নির্বাচকেরাও। কিন্তু এ মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডেতে মাত্র ৫ রান করার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন জ্যাক ক্যালিস। সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারকে তাই আর দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে।
টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই ১০ হাজার রানের মালিক ক্যালিস ওয়ানডেতে করেছেন ১১ হাজার ৫৭৯ রান। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের তালিকায় আছেন সাতে। ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৮৬টি ফিফটি। তবে ক্যালিস মানে তো শুধু ব্যাটিং নয়। ওয়ানডেতে ২৭৩টি উইকেটও আছে তাঁর।
আগামী অক্টোবরে ৩৯ পূর্ণ করতে চলা ক্যালিস অবশ্য আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চান। বিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলো।