আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেট

সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞার পর একটি সুখবর পেলেন সাঈদ আজমল। নির্বাচকেরা তাঁকে ‘এ’ দলে রেখেছেন লাহোরে অনুষ্ঠেয় কেনিয়ার বিপক্ষে দুটি একদিনের ম্যাচে। অ্যাকশন শুধরে নতুনভাবে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে এটি আজমলের আরেক ধাপ এগিয়ে যাওয়া।
৩৭ বছর বয়সী এ অফস্পিনার বললেন, ‘বদলে ফেলা অ্যাকশন পরীক্ষা করতে এটি উপযুক্ত ম্যাচ। আমার জন্য ভালো সুযোগ। আসলে কোনো চাপ অনুভব করছি না। আগে যেভাবে বল করতে অভ্যস্ত ছিলাম, সেভাবেই করব। কিছুটা পার্থক্য থাকবে কেবল বোলিং অ্যাকশনে।’
কেনিয়ার বিপক্ষে আজমলকে খেলোনোর প্রধান উদ্দেশ্য, বিশ্বকাপের আগে তাঁর সর্বশেষ পরিস্থিতি বুঝে নেওয়া। পিসিবির এক কর্মকর্তা বললেন, ‘এরই মধ্যে সে অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে গেছে। নিয়ন্ত্রিত অবস্থার মধ্যেই (কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রি) সে নেটে নিয়মিত বল করেছে। দেখতে চাই, ম্যাচে সে কীভাবে এগোচ্ছে। দেখতে চাই, অ্যাকশন বদলে সে কীভাবে মানিয়ে নিচ্ছে।’
যদি এ দুই ম্যাচে আজমল উতরে যান, তবে আইসিসির ছাড়পত্রের জন্য চেন্নাইয়ে অনুমোদিত গবেষণাগারে চূড়ান্ত পরীক্ষা করাবে পিসিবি। সূত্র: পিটিআই, ক্রিকইনফো।