আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কী?

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজত্বে ওয়ানডে ক্রিকেট নিয়ে কি দর্শকেরা আগ্রহ হারিয়ে ফেলছে? অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন তো তা-ই মনে করেন। তাঁর মতে, ওয়ানডে ক্রিকেট নাকি ‘প্রাসঙ্গিকতা’ হারিয়ে ফেলছে। তাই সময় থাকতে থাকতেই আইসিসির এ ব্যাপারে সাবধান হওয়া উচিত। ওয়াটসন মনে করেন, হালে টি-টোয়েন্টি ক্রিকেট, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দর্শক-বিনোদনে অনেক বেশি প্রাসঙ্গিক। দর্শকেরা যা চাচ্ছে, এই লিগগুলো ঠিক সেটাই তাদের উপহার দিচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজ–নির্ভর আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান কাঠামোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে ওয়াটসনের।
ওয়াটসন দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘মানুষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো পছন্দ করে। কারণ প্রথম থেকে এর একটা উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনারও পরিণতি দারুণ। টুর্নামেন্টে সেমিফাইনাল-ফাইনাল এ–জাতীয় ম্যাচগুলো আছে। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজগুলোর দিকে তাকান, এই সিরিজে শেষ ম্যাচের আগে কোনো দল যদি সিরিজ জিতে যায়, তাহলে শেষ ম্যাচটা খেলার প্রাসঙ্গিকতাই প্রশ্নবিদ্ধ হয়। যেমন ৫ ম্যাচের সিরিজে যদি কেউ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়, তাহলে দুই দলের খেলোয়াড়েরাই এই সিরিজটি খেলার উৎসাহ হারিয়ে ফেলে।’
এখন এমন অনেক ওয়ানডে হয়, যেগুলো দেখার জন্য দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে, তা যত ভালো দলই খেলুক না কেন। এর কারণ খুঁজতে বললেন ওয়াটসন, ‘অবশ্যই দেশের হয়ে খেলার একটা আলাদা গৌরব আছে। অবশ্যই দেশের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষকে হারানোর আনন্দ আছে। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির কথা ধরুন। এখানে ওই ধরনের ম্যাচ আছে। নক আউট ম্যাচ আছে। খেলতে হবে, তাই খেলা—এমন অর্থহীন ম্যাচ সেখানে খেলতে হয় না।’
বিগ ব্যাশ লিগ কিংবা আইপিএলে খেলেই ওয়াটসনের উপলব্ধি, এ ব্যাপারে আইসিসির কিছু একটা করা উচিত, ‘বিগ ব্যাশের খেলাগুলো দেখতে স্টেডিয়ামে কী পরিমাণ দর্শক আসে, মানুষের আগ্রহ ও চাওয়ায় যে বিরাট পরিবর্তন এসেছে, এটা তার একটা বড় উদাহরণ। মানুষ উত্তেজনাকর পরিণতি দেখতে পছন্দ করে। আয়োজনের করতে হবে বলে করা সিরিজ এখন আর মানুষকে টানে না। উদাহরণ দেখুন, এ বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজটি। মানুষ মৌসুমের শেষ লগ্নে এই সিরিজটায় কোনো আগ্রহ খুঁজে পায়নি। এসব টোকেন-সিরিজ বন্ধ হওয়া দরকার। শিগগিরই হওয়া দরকার। মানুষ বিরক্ত হয়ে ওঠার আগেই যেন এগুলো বন্ধ হয়।’
অতিরিক্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনকেও ক্ষতিগ্রস্ত করছে। ওয়াটসন ক্ষোভের সঙ্গে বলেছেন, অর্থ আয়ের জন্য বোর্ডগুলো একের পর এক সিরিজ আয়োজন করে যাচ্ছে। এখন খেলোয়াড়েরাও টাকা পায়। কিন্তু একজন ক্রিকেটারের যদি ‘শেষ’ হয়ে যায়, তাহলে এই টাকা দিয়ে তারা কী করবে? তাদের ক্রিকেটের বাইরে কোনো জীবন নেই। সফর করে বেড়ানো, বিভিন্ন হোটেলে হোটেল থাকা—এটা তো কোনো জীবন নয়।’
আন্তর্জাতিক ক্রিকেট যে প্রাসঙ্গিকতা হারাচ্ছে, তার একটা উদাহরণও দিয়েছেন তিনি, ‘সর্বশেষ বিগ ব্যাশে অস্ট্রেলীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা খেলতে পারেনি। তাদের আন্তর্জাতিক সিরিজ ছিল। কিন্তু এতে কিন্তু বিগ ব্যাশে দর্শক উপস্থিতিতে কোনো সমস্যা হয়নি। প্রতিটি ম্যাচই উপভোগ করেছে কমপক্ষে ৪৫ হাজার দর্শক।’ সূত্র: ক্রিকইনফো।