আন্তর্জাতিক টি-টোয়েন্টি চান না বোর্ডার
একটা সময় ছিল, যখন ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন অনেকে। টি-টোয়েন্টির উত্থানের পর সেই ওয়ানডের জনপ্রিয়তায়ও যেন একটু ধস নেমেছে। অ্যালান বোর্ডারের মতো অনেকেরই ধারণা, টি-টোয়েন্টি আসলে ক্রমশ ‘নির্জীব’ করে দিচ্ছে একদিনের ক্রিকেটকে। আর সেটাতে প্রাণ ফিরিয়ে আনার জন্য নিজস্ব একটা তত্ত্বও দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে দলগুলোর আলাদা করে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি দরকার নেই বলে মনে করেন তিনি। তাতেই নাকি ওয়ানডের দিকে আবার মনোযোগ ফিরবে সবার।
অস্ট্রেলিয়ার এবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে ১৯৮৭ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোই তো যথেষ্ট। এখন তো প্রতিটি দেশেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। এর বাইরে আমাদের কেন আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে হবে? আমার মনে হয় না, আলাদা করে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার দরকার আছে। দুই বছর পর পর বিশ্বকাপটা হলেই তো হয়।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৫৬ টেস্ট ও ২৭৩টি ওয়ানডে খেলে টি-টোয়েন্টি যুগ শুরুর আগেই অবসর নেওয়া বোর্ডার চিন্তিত ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে, ‘৫০ ওভারের ক্রিকেটকে এভাবে নির্জীব ও মৃতপ্রায় হয়ে যেতে দেখে আমার খুব খারাপ লাগছে। আমি তো মনে করি, এটা একটা দারুণ ধরনের ক্রিকেট এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী বিশ্বকাপটাও দুর্দান্ত হবে।’
৫০ ওভারের ক্রিকেটকে ২০ ওভারের ক্রিকেট থেকে অনেক এগিয়ে রাখছেন বোর্ডার। ব্যাখ্যা করেছেন সেটার কারণটাও, ‘খেলায় উত্থান-পতন আর বোলারদের কথাটা বিবেচনা করলে আমি ওয়ানডে ক্রিকেটকেই বেছে নেব। কারণ, এখানে ব্যাটিং বা বোলিংয়ে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও দেখা যায়। টি-টোয়েন্টিতে যা খুবই কঠিন।’ রয়টার্স।