আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিপক্ষে বোর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোর্ডার চান ওয়ানডের জনপ্রিয়তা আগের মতো ফিরে আসুক। ছবি: ক্রিকইনফো
বোর্ডার চান ওয়ানডের জনপ্রিয়তা আগের মতো ফিরে আসুক। ছবি: ক্রিকইনফো

কমাস পরেই বিশ্বকাপ। এখন অবশ্য ক্রিকেট বিশ্বকাপ বলতে ‘ওয়ানডে’ শব্দটা আলাদাভাবে যোগ না করলে চট করে ধরা মুশকিল! কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তা যে তুঙ্গে! শুধু বিশ্বকাপ কেন? টি-টোয়েন্টির উত্থানে ওয়ানডের জনপ্রিয়তায় কি ধাক্কা লাগেনি? ওয়ানডের জনপ্রিয়তা পুনরুদ্ধারের উপায় বাতলেছেন অ্যালান বোর্ডার। ১৯৮৭ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে দলগুলোর আলাদা করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার দরকার নেই।
অস্ট্রেলিয়ার এবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বোর্ডার বলেছেন, ‘আমি আসলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির পক্ষে নই। প্রতি দুবছর অন্তর বিশ্বকাপই এটাকে রক্ষা করতে পারবে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোই তো যথেষ্ট। এখন প্রতিটি দেশেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। এর বাইরে তাহলে কেন আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে হবে?’
অস্ট্রেলিয়ার হয়ে ১৫৬ টেস্ট ও ২৭৩টি ওয়ানডে খেলে টি-টোয়েন্টি যুগ শুরুর আগেই অবসর নিয়েছেন বোর্ডার। এ কারণেই হয়তো ওয়ানডে ক্রিকেটের প্রতি তাঁর আলাদা টান। এমনকি চিন্তিত এর ভবিষ্যৎ নিয়েও। বললেন, ‘৫০ ওভারের ক্রিকেটের এমন বিবর্ণ রূপ ও মৃতপ্রায় হয়ে যেতে দেখতে ভীষণ খারাপ লাগছে। সত্যি মনে করি, ক্রিকেটের এ সংস্করণটা দারুণ। দেখবেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী বিশ্বকাপটাও দুর্দান্ত হবে। ২০ ওভারের ক্রিকেট থেকে অনেক এগিয়ে ৫০ ওভারের ক্রিকেট। কীভাবে? ব্যাখ্যা করেছেন এভাবে, ‘খেলায় উত্থান-পতন আর বোলারদের কথাটা বিবেচনা করলে ওয়ানডে ক্রিকেটকেই অগ্রাধিকার দেব। এখানে ব্যাটিং বা বোলিংয়ে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও দেখা যায়। টি-টোয়েন্টিতে যা খুবই কঠিন।’ রয়টার্স।