আপনিও জার্সির নকশাকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে পারে বাংলাদেশ দল একদিন ওয়ানডে ম্যাচ খেলতে নামবে আপনার নকশা করা লাল-সবুজ জার্সি পরেই। ‘অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট’ প্রতিযোগিতার মাধ্যমে সুযোগটা করে দিচ্ছে বিসিবি ও জাতীয় ক্রিকেট দলের স্পনসর রবি আজিয়াটা লিমিটেড।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারা দেশের ক্রিকেট অনুরাগীদের জন্য এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ জানান, লাল-সবুজের আবহে জার্সির নকশা তৈরি করে সেটি জমা দিতে হবে আজ থেকে ৩১ আগস্টের মধ্যে। বিসিবি ও রবি এই সময়ে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ইনস্টিটিউটগুলোয় প্রচারণা চালাবে। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তখন তাঁদের নকশা জমা দিতে পারবেন।
এ ছাড়া জার্সির নকশা পাঠানো যাবে [email protected]  ই-মেইল ঠিকানায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে www.wearetigers.com.bd  ওয়েবসাইটে নকশা আপলোড করেও। প্রতিযোগিতার বিস্তারিত তথ্যও জানা যাবে এই ওয়েবসাইট থেকে। বিসিবি কর্মকর্তা, সাবেক ক্রিকেটার, খ্যাতিমান শিল্পী, ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন আইকনদের নিয়ে গড়া বিচারকমণ্ডলী নির্বাচিত ১১টি নকশা থেকে এসএমএস ও অনলাইনে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে সেরা জার্সি। বিজয়ীর পুরস্কার ৫ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।