আপাতত থাকছেন মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশাঙ্ক মনোহর
শশাঙ্ক মনোহর

আরেকবার চমক উপহার দিলেন শশাঙ্ক মনোহর। প্রথমবার আইসিসির চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে, এবার সেই সিদ্ধান্ত স্থগিত করে। ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান। আইসিসি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, পদত্যাগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন মনোহর। আইসিসির পরিচালনা পর্ষদের অনুরোধে মনোহরের এই সিদ্ধান্ত। আগামী মাসে আইসিসির প্রস্তাবিত সংস্কার কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত অন্তত দায়িত্বে থাকছেন তিনিই।
গত মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মনোহর। দুই বছরের মেয়াদে নির্বাচিত হলেও এক বছর না পেরোতেই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করা নিয়ে তিনি বলেছেন, ‘পরিচালনা পর্ষদের চাওয়া এবং আমার প্রতি তাঁরা যে আস্থা রেখেছেন, সেটিকে সম্মান জানাই। তবে ব্যক্তিগত কারণে পদত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছি, সেটি বদলাব না। আইসিসির চলমান বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যেতে রাজি।’
প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোয় বেশ কিছু বড় পরিবর্তনের প্রস্তাব নিয়ে গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে হয়েছিল আইসিসির সভা। তিন সংস্করণের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার জন্যও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছিল। বেশির ভাগ পরিবর্তনের পক্ষেই নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আরও পরিবর্তনের পর আগামী ২৩ এপ্রিল আইসিসির পরবর্তী সভায় চূড়ান্ত হবে সেগুলো। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে জানিয়েছে, তারা অনেক প্রস্তাবই মানে না।
মনোহরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, ‘ক্রিকেটের বৃহৎ স্বার্থে তাঁকে আইসিসির চেয়ারম্যান হিসেবে আমাদের প্রয়োজন, বিশেষ করে এমন কঠিন সময়ে। আমাদের পূর্ণ সমর্থনের ব্যাপারে তিনি আশ্বস্ত থাকতে পারেন।’ এএফপি, আইসিসি।