আপাতত নয় দ্বিস্তরের টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিশেষ সভায় দ্বিস্তরবিশিষ্ট টেস্ট কাঠামোর প্রস্তাব আলোচনার জন্যই তোলা হয়নি। তাতে এটা নিশ্চিত হয়ে গেছে যে, ২০১৯ সালের আগে আর এ নিয়ে চিন্তা করছে হচ্ছে না। আইসিসির সভায় বিসিবির প্রতিনিধি নিজাম উদ্দিন চৌধুরী তাই আনন্দটা গোপন রাখলেন না। সভার পর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিক্রিয়া, ‘আমরা খুশি। অন্য সদস্যদের বোঝাতে পেরেছি, এটি বাংলাদেশের জন্য কতটা নেতিবাচক প্রভাব ফেলত।’

ঢাকায় প্রায় একই অনুভূতি প্রকাশ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান, ‘অবশ্যই এটা অনেক বড় সুখবর। প্রথম থেকেই বাংলাদেশ এর প্রতিবাদ করে আসছিল। ভারত আমাদের সঙ্গে ছিল, শ্রীলঙ্কা আমাদের সঙ্গে ছিল। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম এটা হচ্ছে না। নিশ্চিত ছিলাম এটা হলে আমাদের জন্য ভালো কিছু হবে না। আজ (গতকাল) আইসিসি যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এর জন্য আমি সত্যিই খুব আনন্দিত।’

দ্বিস্তর টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই হচ্ছে। পক্ষে-বিপক্ষে যুক্তি ছিল অনেক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ ছয়টি টেস্ট খেলুড়ে দেশ এ প্রস্তাবের পক্ষে ছিল। প্রথম থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তাবের বিরোধিতা করার পরই দান পাল্টে যায়। আইসিসির বৈঠকে প্রস্তাবটি তোলার কথা থাকলেও চার বোর্ডের অনিচ্ছায় সেটি আর হয়নি।

সভা শেষে বাংলাদেশের স্বস্তির কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আমাদের অবস্থান বোঝার জন্য অন্যদের (ক্রিকেট বোর্ডগুলোকে) ধন্যবাদ। এ সভা আয়োজনের জন্য আমি আইসিসিকেও ধন্যবাদ দিতে চাই। দ্বিস্তর কাঠামো আপাতত চালু হচ্ছে না। আমরা এখন ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব।’ ক্রিকইনফো।