আপাতত শঙ্কামুক্ত সোহরাওয়ার্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট পাওয়ার পর সোহরাওয়ার্দী শুভ। ছবি-প্রথম আলো
চোট পাওয়ার পর সোহরাওয়ার্দী শুভ। ছবি-প্রথম আলো

শঙ্কার মেঘ আপাতত কেটেছে। মোহাম্মদ সোহরাওয়ার্দীর মস্তিষ্কে কোনো আঘাত লাগেনি। তবে এমআরআই রিপোর্টে তাঁর ঘাড়ের সেকেন্ড সারভাইকাল ভার্টিব্রাতে সামান্য চিড় দেখা গেছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। যেহেতু মস্তিষ্কে আঘাত লাগেনি, সোহরাওয়ার্দীর অবস্থা আপাতত শঙ্কামুক্তই মনে করা হচ্ছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনীর পেসার তাসকিন আহমেদের বলে হেলমেটের নিচে ঘাড়ের ডান দিকে চোট পান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান সোহরাওয়ার্দী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়ায় হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানে প্রথমে সিটি স্ক্যান ও পরে এম আর আই করানো হয় তাঁর। বর্তমানে অ্যাপোলো হাসপাতালের নিউরো আইসিইউতে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন সোহরাওয়ার্দী।
আশার কথা, চোট পাওয়ার পর থেকে একবারও জ্ঞান হারাননি ভিক্টোরিয়ার এই অলরাউন্ডার। বোধ করেননি শারীরিক কোনো সমস্যা। মাঠ থেকে বিসিবির মেডিকেল রুমে আনার পরও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় চোট গুরুতর মনে হয়নি। তবে একটি পরীক্ষার ফলাফল সামান্য চিন্তায় ফেলে দেয় চিকিৎসকদের। ‌‘চোখে আলো ফেলার পর ওর চোখের পিউপিল ঠিকভাবে সাড়া দিচ্ছিল না। এটা ভালো লক্ষণ মনে হয়নি আমাদের কাছে। সে জন্যই আমরা তাকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেই,’ বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তা ছাড়া যে জায়গায় আঘাত লেগেছে সেটি খুব স্পর্শকাতরও।
আবাহনীর বোলারদের দাপটে ভিক্টোরিয়ার ইনিংস শুরু থেকেই খোঁড়াচ্ছিল। মুমিনুল হকের (২১ বলে ২৩) পর যা একটু প্রতিরোধ গড়ছিলেন সোহরাওয়ার্দীই। কিন্তু ৩৩ বলে ২১ রান করে তিনি নিজেই শিকার আরেক বিপর্যয়ের!
১৫তম ওভারে দলকে ৬৭ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান নাদিফ চৌধুরী। সোহরাওয়ার্দীর লড়াইয়ের শুরু তখন থেকেই। উইকেটে এসে প্রথম বলেই সাকিব আল হাসানকে মারেন বাউন্ডারি। আল আমিনকে সঙ্গে নিয়ে চেষ্টা করছিলেন বিপর্যয় সামলানোর। কিন্তু তাসকিনের করা ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে ঘটল ওই দুর্ঘটনা।
আল আমিনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে সোহরাওয়ার্দী যখন আহত হয়ে মাঠ ছাড়েন, ভিক্টোরিয়ার রান তখন ৫ উইকেটে ১০৫। এরপর ৩৬.২ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট তারা। ৩টি করে উইকেট নিয়েছেন আবাহনীর তাসকিন, সাকিব ও সাকলাইন।
জবাবে দুবার বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর এখন আবারও ব্যাট করছে আবাহনী। স্কোর ২৭ ওভারে ৪ উইকেটে ১১৪।