আপাতত 'অন্তর্বর্তী'তে ভরসা শ্রীলঙ্কার
মারভান আতাপাত্তুর পদত্যাগের পর থেকে একজন কোচ-সমস্যার মধ্যে ছিল শ্রীলঙ্কা। ভালো একজন কোচের খোঁজে লঙ্কান বোর্ড এতটাই হন্যে ছিল যে তারা বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকেও হাত বাড়িয়েছিল। অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজের আগে স্থায়ী কাউকে দায়িত্ব দিতে না পারলেও একজন ‘অন্তর্বর্তী’কে ঠিকই খুঁজে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
জেরম জয়ারত্নে—নামটি কি খুব চেনা মনে হচ্ছে? ৪৯ বছর বয়সী এই মানুষটির হাতেই আপাতত তুলে দেওয়া হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট দলের দায়িত্ব। লঙ্কান দলের দায়িত্ব তিনি নেবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই। ঘরের মাঠে এই সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন তিনি। পরে ভেবে-চিন্তে খুঁজে নেওয়া হবে একজন পেশাদার কোচ।
জয়ারত্ন সাধারণের কাছে খুব একটা পরিচিত মুখ নন অবশ্যই। তবে এই দায়িত্ব নেওয়ার আগে তিনি এসএলসির হেড অব কোচিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটটা তিনি খেলেননি কখনোই। তবে তাঁর ঝুলিতে আছে ২২টি প্রথম শ্রেণি ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা।
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পরপরই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সাবেক অধিনায়ক আতাপাত্তু। এই সিরিজেই ১৯৯৩ সালের পর লঙ্কা-দ্বীপ থেকে অধরা সিরিজটি জিতে ফিরেছে বিরাট কোহলির ভারতীয় দল।
জয়ারত্ন হচ্ছেন গত পাঁচ বছরে শ্রীলঙ্কা জাতীয় দলের সপ্তম কোচ। ২০১০ থেকে ট্রেভর বেইলিস, স্টুয়ার্ট ল, জিওফ মার্শ, গ্রাহাম ফোর্ড ছাড়াও শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্বে ছিলেন সাবেক দুই লঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার রমেশ রাত্নায়েকে ও মারভান আতাপাত্তু।