আফগান নির্বাচকদের ধুয়ে দিচ্ছেন ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে থেকেও জাতীয় দলে নিজেদের দায়িত্ব ভোলেননি এ দুজন। ছবি: সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএলে থেকেও জাতীয় দলে নিজেদের দায়িত্ব ভোলেননি এ দুজন। ছবি: সানরাইজার্স হায়দরাবাদ

আফগানিস্তান ক্রিকেট বোর্ড আধুনিক পথে হাটতে চাইছে। তিন ধরনের ক্রিকেটের ভিন্ন মানসিকতা ও দাবি মেনে তিনজন ক্রিকেটারকে অধিনায়ক করেছে তারা। কিন্তু এমন যুগোপযোগী সিদ্ধান্ত দিয়ে যে সমালোচনা সইতে হবে সেটা হয়তো ভাবেনি তারা। তিন অধিনায়কদের একজন রশিদ খানই বলছেন, এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না!

তিন সংস্করণেই আফগানদের নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা এতদিন ছিল আসগর আফগানের। সাধারণত নির্দিষ্ট একজন অধিনায়কের ওপর যেন সব সংস্করণের চাপ না পড়ে, সে কারণে প্রতি সংস্করণের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত করে তারা। মজার ব্যাপার চাপ সরাতে গিয়ে আসগরের সব চাপই তুলে নেওয়া হয়েছে। সব সংস্করণ থেকেই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে তাঁর। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক হয়েছেন যথাক্রমে গুলবদিন নাইব, রহমত শাহ ও রশিদ খান। তিন সংস্করণের জন্য আলাদা আলাদা তিনজন সহ-অধিনায়কও নির্বাচিত করেছে আফগান ক্রিকেট বোর্ড। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির জন্য সহ-অধিনায়ক নির্বাচিত করা রয়েছে যথাক্রমে রশিদ খান, হাশমতউল্লাহ শহীদী ও শফিকউল্লাহ শফিককে।

তিন সংস্করণেই আসগরের অধীনে দুর্দান্ত সাফল্য আফগানিস্তানের। তাই বিশ্বকাপের আগে বোর্ডের এমন সিদ্ধান্ত বোধগম্য নয়। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও আছেন সে দলে। আইপিএল খেলতে আপাতত ভারতে থাকা মোহাম্মদ নবী টুইটে লিখেছেন, ‘দলের একজন সিনিয়র খেলোয়াড় সদস্য হিসেবে এবং আফগান ক্রিকেটের উত্থানের দর্শক হিসেবে আমার মনে হয় না বিশ্বকাপের ঠিক আগ মুহূর্ত অধিনায়ক পরিবর্তন করার উপযুক্ত সময়। আসগরের অধীনে দলটা দারুণ জমেছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের নেতৃত্ব (বিশ্বকাপে) দেওয়ার জন্য ওই সঠিক মানুষ।’

টুইটটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এই টুইটে আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনার তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ট্যাগ করেছেন নবী। এ তিন ব্যক্তি হলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, আফগানিস্তানের প্রধান নির্বাহী ডক্টর আবদুল্লাহ আবদুল্লাহ এবং রাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক হামদুল্লাহ মহিব।

নবীর এই আবেদন রিটুইট করেছেন রশিদ খান। নির্বাচকদের পছন্দের টি-টোয়েন্টি অধিনায়ক সেখানেই থামেননি। দুটি টুইটে এ বিষয়ে নিজের মন্তব্য জানিয়েছেন, ‘নির্বাচক কমিটির প্রতি সম্মান জানিয়েই বলছি এটা দায়িত্বজ্ঞানশূন্য ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। আমাদের সামনেই বিশ্বকাপ আছে, অধিনায়ক আসগর আফগানই আমাদের অধিনায়ক থাকা উচিত। দলের সাফল্যের পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বিশ্বকাপের মতো বড় এক প্রতিযোগিতার আগে অধিনায়ক পরিবর্তন অনিশ্চয়তা সৃষ্টি করবে এবং দলের মনোবলেও প্রভাব ফেলবে।’ রশিদও নিজের টুইটে প্রেসিডেন্ট আশরাফ গনি, প্রধান নির্বাহী ডক্টর আবদুল্লাহ আবদুল্লাহ এবং নিরাপত্তা পরামর্শক হামদুল্লাহ মহিবকে ট্যাগ করতে ভোলেননি।