আফগান-পাকিস্তান ক্রিকেটীয় দ্বন্দ্ব এখন তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছিলেন ইনজামাম-উল-হক। ফাইল ছবি
আফগানিস্তানের কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছিলেন ইনজামাম-উল-হক। ফাইল ছবি

আফগানিস্তানের ক্রিকেট বদলে যাওয়ার পেছনে পাকিস্তানের অবদান আছে। পাকিস্তানের অনেক কোচ সরাসরি ভূমিকা রেখেছেন। কিন্তু দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন চূড়ান্ত অবনতির দিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি বলেছে, আফগানিস্তান ক্ষমা না চাইলে তাদের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক থাকবে না। আর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বলছে, ক্ষমা চাওয়ার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না।

৩১ মে কাবুলে বোমা হামলা হয়। তাতে ৮০ জনের বেশি মারা যান, আহত হন প্রায় ৫০০ জন। আফগানিস্তান এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায়। এসিবি টুইট করে, তারা পিসিবির সঙ্গে সব সম্পর্ক ছেদ করছে। ‘যে দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয়, অভয়ারণ্য বানিয়ে তোলে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ বলে আরও একটি টুইট করে।
এই বোমা হামলার তিন দিন আগে দুই বোর্ড সমঝোতা চুক্তি করেছিল। তাতে দুই দেশের পারস্পরিক সফর বিনিময় ছাড়াও আফগান ক্রিকেটারদের পাকিস্তানের ক্রিকেটীয় অবকাঠামো ব্যবহারের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। বোমা হামলার পর সব সম্পর্ক ছিন্ন করে এসিবি। শুধু তা-ই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাকিস্তানের বদলে ভারতের অবকাঠামো ব্যবহার করায় পিসিবি আরও ক্ষুব্ধ হয়। আফগানিস্তানের বর্তমান কোচ সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত। রাষ্ট্রীয় ও সামরিক পর্যায়েও আফগানিস্তান এখন অনেক বেশি ভারতের দিকে ঝুঁকে আছে। পাকিস্তান সরকারেরও যেটি ভালো লাগার কথা নয়।
সম্প্রতি আফগানিস্তান টেস্ট মর্যাদা পাওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। তবে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান লাহোরে শাহরিয়ার সাংবাদিকদের বলেছেন, ‘একদিন ওদের বোর্ড চেয়ারম্যান (মাশাল) আমার সঙ্গে দেখা করে দুই বোর্ডের মধ্যে ভালো সম্পর্কের ব্যাপারে বেশ ইতিবাচক কথাবার্তা বলে। কিন্তু পরের দিনই দেখি উনি পাকিস্তানের ব্যাপারে কড়া রাজনৈতিক বিবৃতি দিলেন। তখন আমরা বললাম, আপনার সঙ্গে তাহলে আর আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তিনি পরে এ ধরনের কথা বলার জন্য অনুতাপ প্রকাশ করেছেন, ব্যক্তিগতভাবে আমার কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু বোর্ড হিসেবে আমরা অবস্থান নিয়েছি, ওরা প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক থাকতে পারে না।’
শাহরিয়ারের এমন মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি মাশাল। মাশাল বলেছেন, ‘অন্য বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক পারস্পরিক সমমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। পিসিবিও এর ব্যতিক্রম নয়। আমরা তাই এখানে কোনো ক্ষমা চাওয়ার কারণ দেখি না।’ সূত্র: ইএসপিএনক্রিকইনফো।