দুই শ পেরোল আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসগর আফগানই শুধু লড়েছেন। ছবি: রয়টার্স
আসগর আফগানই শুধু লড়েছেন। ছবি: রয়টার্স
৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছে আফগানিস্তান

ইয়ান বিশপ বলেছেন ছবির মতো সুন্দর মাঠ। উইকেটকেও সুন্দর বলেছেন। আরও বলেছেন, দিন যত এগোবে, ব্যাট করা তত সহজ হবে। সোজা বাংলায় টসে জিতে বোলিং নেওয়াটাই ভালো। কিন্তু আফগান অধিনায়ক গুলবদিন নাইব ওসবে কান দিলেন না। মুদ্রা নিক্ষেপের পর ব্যাটিংই বেছে নিলেন।

ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিজেই সঠিক প্রমাণ করতে পারেননি গুলবদিন নাইব। তাঁর পরে নামা বাকিরাও খুব একটা ব্যতিক্রম কিছু করেননি। একমাত্র আসগর আফগানই যা একটু লড়াইয়ের চেষ্টা দেখিয়েছেন। আফগানের বিদায়ের পর আফগানিস্তান ব্যাটিংয়েও ধস নেমেছে। নজিবুল্লাহ জাদরানের সুবাদে দুই শ পেরোনো দলটি ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে।

বাংলাদেশের বিপক্ষে টসে জিতেও ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। সে ম্যাচে আগে ব্যাটিং নেওয়াটাই যুক্তিযুক্ত ছিল। আজ সেটার খেসারত দিতেই কি না ব্যাটিং নিয়েছেন নাইব। দ্রুত রান তুলে নিজেকে সঠিক প্রমাণ চেষ্টা করছিলেন, কিন্তু পঞ্চম ওভারেই বিদায় নিয়েছেন নাইব (১২ বলে ১৫)। শাহিন আফ্রিদির পরের বলেই বিদায় নিলেন হাশমতউল্লাহ শহীদি (০)। ২৭ রানে ২ উইকেট হারানো আফগানরা তৃতীয় উইকেট হারাল ৫৭ রানে। দলের রান তোলার পুরো দায়িত্ব কাঁধে নেওয়া রহমত (৪৩ বলে ৩৫ রান) ফিরেছেন ইমাদ ওয়াসিমের স্পিন বুঝতে না পেরে।

অন্যপ্রান্তে টেস্ট মেজাজে দাঁড়িয়ে ছিলেন ইকরাম আলীখিল। তাঁকে ওভাবেই থাকতে দিয়ে দ্রুত রান তুলতে লাগলেন আসগর আফগান। ৬৪ রানের জুটিতে ৪২ রানই ছিল তাঁর। সেটাও এসেছে মাত্র ৩৫ বলে। শাদাব খানকে এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে বোল্ড হন আফগান (১২১/৪)। স্কোরে আর ৪ রান যোগ হতেই বিদায় আলীখিল। তার আগেই একটা কীর্তি হয়েছে এই উইকেটরক্ষকের। ২০১৯ বিশ্বকাপে পঞ্চাশোর্ধ্ব বল খেলে তাঁর চেয়ে কম স্ট্রাইক রেট (৩৬.৩৬) নেই আর কারও! ৬৬ বলে ২৪ রান করেছেন আলীখিল।

প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে আবার ইনিংস মেরামতে বনামতে হয়েছে আফগানিস্তানকে। কিন্তু মোহাম্মদ নবীর ধীর গতির ইনিংসটি দলের ওপর চাপ সৃষ্টি করেছে উল্টো। ৩৩ বলে ১৬ রান করে নবী আউট হয়েছেন ৩৭তম ওভারে। নজিবউল্লাহ জাদরান একাই চেষ্টা করেছেন, কিন্তু আফগান ইনিংস কখনোই গতি পায়নি। আটে নামা সামিউল্লাহ শিনোওয়ারিও যে নবীর পথেই হেঁটেছেন। ৪৫তম ওভারে গিয়ে দুই শ পেরিয়েছে আফগানিস্তান। পরের বলেই আউট হয়ে গেছেন নজিবুল্লাহ। ৫৪ বলে ৪২ রান করে শাহিনের তৃতীয় শিকার হয়েছেন নজিব। পরের ওভারেই শাহিনকে চতুর্থবারের মতো উদ্‌যাপন করার সুযোগ করে দিয়েছেন রশিদ খান।

শেষ দিকে দায়িত্ব নিয়ে ব্যাট করেননি শিনোয়ারি। দশ ও এগারোতে নামা ব্যাটসম্যানদেরই শেষ দুই ওভার খেলার দায়িত্ব দিয়েছেন ৩২ বলে ১৯ করা এই ব্যাটসম্যান। শেষ ১০ ওভারে ৩ উইকেটে মাত্র ৪৩ রান তুলেছে আফগানিস্তান