আফগান বন্ধুদেরও হারাচ্ছে পাকিস্তানের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দুঃসময়ে পাকিস্তান সফর করতে রাজি ছিল মাত্র একটি দলই। সেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়ে দিয়েছে, জুলাই–আগস্টে কাবুল ও লাহোরে দুই দেশের মধ্যে যে ফ্রেন্ডলি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। কাবুলে মর্মান্তিক বোমা বিস্ফোরণে প্রায় ৯০ জনের বেশি মানুষ মারা যাওয়ার পর এ সিদ্ধান্ত নিল এসিবি।

বোমা হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। তার প্রভাব পড়তে যাচ্ছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এসিবি পিসিবির সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। কাবুলের বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তান আছে বলে মনে করে আফগান সরকার। এসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘দুস্থ ও নিরীহ মানুষদের মেরে ফেলার মাধ্যমে আফগানিস্তানের শান্তি ও সংহতির শত্রুরা দেখিয়ে দিল, তারা বন্ধুত্বের যোগ্য নয়। আফগানদের ব্যাপারে তারা তাদের দৃষ্টিভঙ্গিও বদলাবে না। নিরাপত্তা বাহিনীর পরামর্শ ও আফগান জনগণের আহ্বানে সাড়া দিয়ে এসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সব ধরনের ক্রিকেট ম্যাচ ও দ্বিপক্ষীয় সমঝোতা বাতিল ঘোষণা করল। যে দেশে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হয়, সন্ত্রাসীদের জন্য স্বর্গ বানিয়ে রাখা হয়, তাদের সঙ্গে কোনো প্রীতি ম্যাচ বা দ্বিপক্ষীয় সম্পর্ক থাকতে পারে না।’
প্রস্তাবিত ওই সিরিজে কাবুল ও লাহোরে দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। সূত্র : আল-জাজিরা।