আফগানদের অস্ট্রেলিয়া-শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি রান নিতে প্রাণান্ত চেষ্টা...! তবে এমন কষ্ট খুব কমই করতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ১৭৮ রানের ১০৬ রানই নিয়েছেন যে জায়গায় দাঁড়িয়ে! l সুমন চট্টোপাধ্যায়
একটি রান নিতে প্রাণান্ত চেষ্টা...! তবে এমন কষ্ট খুব কমই করতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ১৭৮ রানের ১০৬ রানই নিয়েছেন যে জায়গায় দাঁড়িয়ে! l সুমন চট্টোপাধ্যায়

ম্যাচের আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ছবি দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ-টুপ নিয়ে আয়েশ করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ছবির ক্যাপশন, ‘প্রস্তুতি’। কে জানত, ওয়ার্নারের রসনাবিলাসের তালিকায় আফগান বোলিংও ছিল!
রোহিত শর্মার ডাবল সেঞ্চুরির ডাবল হয়ে গেল। ডাবল সেঞ্চুরির ভারতীয় বৃত্ত ভেঙে বিশ্বকাপকে প্রথম ডাবল উপহার দিলেন ক্রিস গেইল। এবি ডি ভিলিয়ার্স তো আক্রমণাত্মক ব্যাটিংকেও নিত্যই নতুন উচ্চতায় নিচ্ছেন। ব্যাটিংয়ে ওয়ার্নারও তো একই ঘরানার। একটা ডাবল সেঞ্চুরি তাঁর কাছেও সময়ের দাবি। কাল আউট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটিকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ২৫ ওভারে সেঞ্চুরি ছুঁয়েছেন, ৩৩ ওভারেই দেড় শ। দুই শ তো বটেই, আড়াই শকেও অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু আউট হতে তো স্রেফ একটা বল, একটা মুহূর্ত! শাপুর জাদরানকে ওয়াকার বাইরে পাঠাতে গিয়ে বল আকাশে তুলে যখন আউট হলেন, নামের পাশে ১৭৮। বাকি তখনো ১২ ওভারের বেশি!
একটি প্রায় ডাবল সেঞ্চুরির সঙ্গে দুটি প্রায় সেঞ্চুরি। ৫ রানের জন্য চতুর্থ সেঞ্চুরি পাননি স্টিভেন স্মিথ। আরও একবার প্রথম সেঞ্চুরির সুবাস পেয়েও হারিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (৮৮)। তবে এই তিন ‘প্রায়’ মিলে দলকে তুলে দিয়েছে রানের চূড়ায়, বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ৪১৭! পেছনে পড়ে গেছে ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ভারতের ৪১৩। পরে বোলারদের সৌজন্যে বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া, ২৭৫ রানে! বারমুডার বিপক্ষেই ওই ম্যাচে ভারতের ২৫৭ রানের জয় ছিল আগের রেকর্ড। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে উড়তে থাকা আফগানরা পেল একটু কঠিন বাস্তবতার ছোঁয়া।
রেকর্ড রানের ভিত্তি ছিল একটি রেকর্ড জুটি। আগের দুই ম্যাচে থিতু হয়েও আউট হয়েছেন ওয়ার্নার (২২, ৩৪), স্মিথ পারেননি থিতু হতেও (৪, ৫)। কাল দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েছেন ২৬০ রানের জুটি। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডেতেও যেকোনো জুটিতে অস্ট্রেলিয়ার সেরা। ওয়ার্নারের শুরুটা ছিল সতর্ক, ৭ ওভার শেষে রান ছিল ২৭ বলে ১৯। সেখান থেকে ৪০ বলে ছুঁয়েছেন ফিফটি, ৯২ বলে সেঞ্চুরি। ছক্কা নেই তখন একটিও, ২৪ বলে করা পরের ফিফটিতে ছক্কা চারটি। এই দুজনের পর গ্লেন ম্যাক্সওয়েল-ঝড়। যথারীতি রিভার্স সুইপ, রিভার্স ফ্লিকের মতো উদ্ভাবনী সব শটের প্রদর্শনী। উইকেটের আর্দ্রতার কথা ভেবে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মোহাম্মদ নবী। পরে আফগান অধিনায়কের মনে নিশ্চয়ই ঝরেছে অনুশোচনার বৃষ্টি!
ভড়কে যাওয়া আফগানরা ব্যাটিংয়ে তেমন লড়াইও করতে পারেনি। ৪ উইকেটে জনসন হয়তো ভুলবেন ম্যাককালাম-তাণ্ডবের ব্যথা। জেমস ফকনার ফেরায় অবশেষে কোপ পড়েছে শেন ওয়াটসনের ওপর। ফকনারকে অবশ্য কাল বেশি কিছু করতেই হয়নি। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।

স্কোরকার্ড
টস: আফগানিস্তান
অস্ট্রেলিয়া
রান বল ৪ ৬
ওয়ার্নার ক নবী ব শাপুর ১৭৮ ১৩৩ ১৯ ৫
ফিঞ্চ ক মঙ্গল ব দওলত ৪ ৯ ০ ০
স্মিথ ক নজিবুল্লাহ ব শাপুর ৯৫ ৯৮ ৮ ১
ম্যাক্সওয়েল ক নবী ব দওলত ৮৮ ৩৯ ৬ ৭
ফকনার ব হাসান ৭ ৬ ১ ০
মার্শ ক নজিবুল্লাহ ব মঙ্গল ৮ ৯ ০ ০
হাডিন অপরাজিত ২০ ৯ ২ ১
অতিরিক্ত (বা ২, লেবা ৫, ও ৭, নো ৩) ১৭
মোট (৫০ ওভারে, ৬ উইকেটে) ৪১৭
উইকেট পতন: ১-১৪, ২-২৭৪, ৩-৩৩৯, ৪-৩৮২, ৫-৩৯০, ৬-৪১৭।
বোলিং: দওলত ১০-১-১০১-২ (নো ২, ও ৩), শাপুর ১০-০-৮৯-২ (নো ১, ও ২), হাসান ১০-০-৭০-১ (ও ১), নবী ১০-০-৮৪-০ (ও ১), শেনোয়ারি ৫-০-৩৪-০, জাভেদ ৪-০-১৮-০, মঙ্গল ১-০-১৪-১।
আফগানিস্তান
জাভেদ ক ক্লার্ক ব হ্যাজলউড ১৩ ২৪ ১ ০
গনি ক ফকনার ব জনসন ১২ ১৯ ০ ০
মঙ্গল ক ফিঞ্চ ব জনসন ৩৩ ৩৫ ২ ২
স্টানিকজাই ক স্মিথ ব জনসন ৪ ১০ ০ ০
শেনোয়ারি ক জনসন ব ক্লার্ক ১৭ ৩১ ২ ০
নবী ক ক্লার্ক ব ম্যাক্সওয়েল ২ ১০ ০ ০
নজিবুল্লাহ ব স্টার্ক ২৪ ৩১ ১ ১
জাজাই ক হাডিন ব হ্যাজলউড ১০ ৪০ ০ ০
দওলত ব স্টার্ক ০ ৪ ০ ০
হাসান ক ওয়ার্নার ব জনসন ৭ ১৮ ০ ০
শাপুর অপরাজিত ০ ৪ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৫, ও ১০, নো ১) ২০
মোট (৩৭.৩ ওভারে অলআউট) ১৪২
উইকেট পতন: ১-৩০, ২-৩২, ৩-৪৬, ৪-৯৪, ৫-৯৪, ৬-১০৩, ৭-১৩১, ৮-১৩১, ৯-১৪০, ১০-১৪২।
বোলিং: স্টার্ক ৬-০-১৮-২, হ্যাজলউড ৮-১-২৫-২ (ও ৩), জনসন ৭.৩-০-২২-৪ (ও ৫), ক্লার্ক ৫-০-১৪-১, মার্শ ৩-০-২৫-০ (ও ১), ফকনার ৪-০-৮-০ (নো ১, ও ১), ম্যাক্সওয়েল ৪-১-২১-১।
ফল: অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।