আফগানদের এক তারকা

তাঁর গল্পটাও আর দশজন আফগান ক্রিকেটারের মতোই। ‘হঠাৎ’ ক্রিকেটার! পাকিস্তানে শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন, ক্রিকেট খেলতে দিতে চায়নি পরিবার। হামিদ হাসান খেলতেন তাই গোপনে।
২০০৬ সালে মুম্বাইয়ে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে খেলতে গিয়ে নজরে পড়েন তৎকালীন এমসিসির প্রেসিডেন্ট রবিন মারলারের। তাঁর আমন্ত্রণেই ইংল্যান্ড যান, খেলেন ল্যাঙ্কাশায়ার লিগে। ২০০৯ সালে আফগান দলে ডাক পান বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে। ২০১১ বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে পারল না আফগানিস্তান। তবে পেল ওয়ানডে মর্যাদা, হারিয়ে দিল আইরিশদের। হাসান নিলেন ৫ উইকেট। বাধা হয়ে থাকা পরিবারই হামিদের সাফল্যে ভেড়া জবাই দিয়ে ভূরিভোজ করাল পাড়া-প্রতিবেশীদের!
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে আফগানরা এসেছে। ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, তবে হামিদের কাছে সবচেয়ে মূল্যবান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের উইকেট দুটি। সাঙ্গাকে আউট করে তো আনন্দে ডিগবাজিই দিয়েছিলেন! হামিদের কণ্ঠে এখনো যেন উচ্ছ্বাস, ‘আমার খুবই গর্ব হচ্ছিল। কী করব, বুঝে উঠতে পারছিলাম না! সবাই জানে সাঙ্গাকারা বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। তারপর আবার মাহেলার (জয়াবর্ধনে) উইকেট!’
মাথায় জাতীয় পতাকার আদলে তৈরি হেয়ারব্যান্ড, গালে রঙের প্রলেপ। যেন সেই যোদ্ধা, গালে রঙের প্রলেপ এঁকে পণ করেছেন, যুদ্ধে জয়ী না হয়ে ফিরবেন না। আফগানদের এবারের বিশ্বকাপযুদ্ধ শেষের রাগিণী বেজে গেছে, শুক্রবার ইংল্যান্ডের সঙ্গে এসসিজিতে আফগানদের শেষ লড়াই। ওটা ইংল্যান্ডেরও কিছু পাওয়ার লড়াই। বিশ্বকাপ যেমনই যাক, হামিদের কাছে সাঙ্গা-জয়ার উইকেট হয়ে থাকবে আগামী দিনের প্রেরণা! রয়টার্স, ক্রিকইনফো।