আফগানদের গল্পটাও বাংলাদেশের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ ছিল আফগান ক্রিকেটের জয়যাত্রার বছর। ছবি: এএফপি
২০১৫ ছিল আফগান ক্রিকেটের জয়যাত্রার বছর। ছবি: এএফপি

বিশ্ব ক্রিকেটে এই বছরের সবচেয়ে বড় উত্থানের গল্প কোনটি? অবশ্যই বাংলাদেশ। সাফল্যের সোনালি রঙে রাঙানো একটি বছর পার করেছেন মাশরাফিরা। তবে আইসিসির একটু নিচের স্তরের ক্রিকেটে, যেখানে মনোযোগটা তেমন থাকে না, সেখানে কিন্তু আরেকটি ‘বাংলাদেশ-উপাখ্যান’ লিখে চলেছে অন্য একটি দল—আফগানিস্তান। সাফল্যের ধারে-ভারে বাংলাদেশের সাফল্যের সঙ্গে তুলনায় না আসলেও তারাও কাটিয়েছে এক সোনায় মোড়ানো বছর।
বছরের শেষটাও হলো একেবারে নিখুঁত। গতকাল শারজাতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েই ২০১৫ সালকে ক্রিকেট মাঠ থেকে বিদায় জানিয়েছে আফগানিস্তান। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে নেওয়ায় নতুন বছরটাও সিরিজ জয় দিয়ে শুরু করার আগাম প্রস্তুতি সেরে ফেলেছে আফগানরা।
তেমনটি হলে আইসিসির পূর্ণ সদস্য দেশটির বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের গৌরবে সিক্ত হবে আফগানিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা তৃতীয়। এর আগে গত অক্টোবরে জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ওয়ানডেতে ৩-২ ও টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে হারিয়েছে আসগর স্টানিকজাইয়ের দল।
কালকের ম্যাচটা ক্রিকেট বিশ্বকে নতুন একটা বার্তাও জানিয়ে দিয়েছে—আফগানিস্তান জিততে শিখে গেছে। ধ্বংসের মধ্যে দাঁড়িয়েও চিরায়ত ‘আফগান-মানসিকতা’ কে পুঁজি করে জয় ছিনিয়ে আনতে জানে এরা। অবশ্য কালকের ম্যাচে ধ্বংস নিজেদেরই ডেকে আনা। ২৫৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে এক সময় আফগানিস্তান হেসেখেলেই জয়টা পাবে বলে মনে হচ্ছিল। ৩১ ওভারে ১ উইকেট হারিয়ে রান হয়ে গিয়েছিল ১৬৯!

উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সেই জয় আফগানিস্তান পেল, তবে অনেক সংগ্রামের পর। সংগ্রামটা আফগানিস্তানকে করতে বাধ্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা। আফগানিস্তান সহজে জিতে যাচ্ছে দেখেই কি না, হঠাৎ করে যেন কাল বোলিং করার ইচ্ছা জেগে উঠল তাঁর। গত মার্চে বিশ্বকাপের পর ২২ ম্যাচে মাত্র দুবার বোলিং করেছেন। সেখানে দলের এমন অবস্থায় ৩২ তম ওভারে বোলিংয়ে আসা তো ‘হঠাৎ বোলিংয়ের ইচ্ছা’ই।
তবে ইচ্ছা বলুন আর বাজি, তাতে অনেকটাই সফল চিগুম্বুরা। ৭ ওভার বল করেই তুলে নিয়েছেন ৩টি উইকেট, রানআউটও করেছেন মোহাম্মদ নবীকে। এত কিছু করেও আফগানিস্তানের জয়টা ঠেকিয়ে রাখতে পারলেন না। শেষ পর্যন্ত হার মানতে হলো শাহজাদের ১৩১ রানের ইনিংসটির কাছে। দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটিকে আরও পূর্ণতা এনে দিলেন শাহজাদ। মিরওয়াইস আশরাফকে সঙ্গে নিয়ে ১৪ বল বাকি থাকতেই আফগানিস্তানকে পৌঁছে দিলেন জয়ের বন্দরে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পিটার মুর (৫০), ক্রেইগ আরভিন (৭৩) ও হ্যামিলটন মাসাকাদজার (৪৭) ওপর ভর করে ৫০ ওভারে ২৫৩ করেছিল জিম্বাবুয়ে। হেরে গেলেও এই রান তাদের হয়তো স্বস্তি দেবে। প্রথম ওয়ানডেতে যে মাত্র ৮২ রানেই অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুইয়ানরা। যা কিনা আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে কোনো পূর্ণ সদস্য দেশের সর্বনিম্ন রানের রেকর্ড।
প্রতিপক্ষকে সর্বনিম্ন রানে অলআউট করে দেওয়া, কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস—আফগানিস্তানের এই কীর্তিগুলোয় গর্ব বোধ করতে পারেন প্রধান কোচ ইনজামাম-উল-হক ও বোলিং কোচ মনোজ প্রভাকর। পাকিস্তান ও ভারতের এই দুই সাবেক ক্রিকেটারের হাত ধরেই যে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ গৌরবের একটি বছর কাটল আফগানিস্তান।
ওয়ানডেতে সর্বশেষ ৪ ম্যাচেই জয়ী আফগানিস্তান। চারটিই জিম্বাবুয়ের বিপক্ষে। অক্টোবরে জিম্বাবুয়ের মাটিতে ওই সিরিজ জয় তো আছেই। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপেও খেলেছে তারা। সব মিলিয়ে এ বছরে আফগানরা মোট ১৭ ওয়ানডে খেলেছে, যার মধ্যে ৮ টিতেই তারা জয়ী। হেরে গেলেও বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে খেলা আর বছরের শেষ ৪ ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে জয় বিবেচনা করলে ওয়ানডের রেকর্ডটা নিয়ে গর্বই করবে আফগানিস্তান। টি-টোয়েন্টির রেকর্ড তো রীতিমতো চমকে দেওয়ার মতোই। ১১ ম্যাচে ৯ জয়! এর মধ্যে অক্টোবরের ওই সফরেই জিম্বাবুয়েকে দুই টি-টোয়েন্টিতেই হারানোর সুখস্মৃতি তো আছেই।
সব মিলিয়ে বছরটা বেশ ভালোই কাটল আফগানিস্তানের। অনেকটা যেন বাংলাদেশের মতোই। যদিও বাংলাদেশ যেমন ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে সিরিজে কিংবা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে, আফগানিস্তানের জয়গুলো তেমন বড় প্রতিপক্ষের সঙ্গে হয়তো ছিল না। তবে তাতে মাহাত্ম্য কমছে না একরত্তিও। মাত্র ৫-৬ বছরের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত একটা দেশের এমন সাফল্য বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের কাছ থেকে টুপি খোলা অভিনন্দনই পাবে। তথ্যসূত্র: ক্রিকইনফো।