আফগানদের টেস্ট স্বপ্ন
জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়ে আফগানিস্তান স্থান করে নিয়েছে ক্রিকেট ইতিহাসের পাতায়। এই প্রথম কোনো সহযোগী সদস্যদেশ সিরিজ জিতল টেস্টখেলুড়ে দেশের বিপক্ষে। নিজেদের সেরা অর্জনের আবেশে ঘোর লাগা আফগানদের স্বপ্নের পরিধিটা বেড়ে গেছে অনেক দূর। টেস্ট মর্যাদা পাওয়ার স্বপ্ন দেখছে তারা।
দলের অভাবিতপূর্ব সাফল্যে এখনো আচ্ছন্ন সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। আগামী মাসে বাংলাদেশ সফরে আসার আগে জিম্বাবুয়েকে বড় একটা ধাক্কাই যে দিল তাঁর দল। ক্রিকেট ইতিহাসটা নতুন করে লিখিয়ে উচ্ছ্বসিত নবী, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমার মনে হয় ক্রিকেটের ২০০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো সহযোগী সদস্য পূর্ণ সদস্যকে হারাল। দল ও আমার পারফরম্যান্সে ভীষণ খুশি আমি।’
ব্যাট করতেন পাঁচ কিংবা ছয়ে। মোহাম্মদ নবীর ব্যাটে অনেক দিন ধরেই চলছিল রান-খরা। সেখান থেকে এই সিরিজে ঘটল আশ্চর্য বদল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে তাঁকে তিন নম্বরে উঠিয়ে আনেন কোচ ইনজামাম-উল-হক। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২২৩ রান করে নবী আফগানিস্তানের সিরিজ জয়ের ভিত্তি তো গড়েছেনই, হয়েছেন সিরিজসেরাও। ৩০ বছর বয়সী নবী পুরো কৃতিত্ব দিলেন কোচ ইনজামামকে, ‘ব্যাটিং অর্ডারে পরিবর্তনটা অনেক বড় ছিল। আমি ছয় নম্বরে ব্যাট করতাম। কোচ আমাকে তিন নম্বরে পাঠালেন। আমাকে সমর্থন দেওয়ায় কোচ ইনজামামকে ধন্যবাদ।’
জিম্বাবুয়েকে তাঁদের মাটিতে হারিয়ে দেওয়ার পর আফগানিস্তান জুড়ে চলছে উৎসব। দলকে রাজকীয় সংবর্ধনা দিতে শুরু হয়েছে প্রস্তুতিও। এরই মধ্যে আফগানিস্তান দলের ম্যানেজার শির আগা হামকার বেঁধে ফেলেছেন নতুন লক্ষ্য। টেস্ট খেলতে চায় আফগানিস্তান। সে জন্য টেস্টখেলুড়ে দলের বিপক্ষে আরও ম্যাচ খেলার আকুতি জানালেন তিনি, ‘পূর্ণ সদস্যদের সঙ্গে আরও কিছু সিরিজ খেলতে চাই আমরা। ভালো একটি দল হয়ে উঠছি আমরা। আমাদের লক্ষ্য টেস্ট খেলা আর সে জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব।’ এএফপি, ক্রিকইনফো।