আফগানদের নিয়েও ভাবনা প্রোটিয়াদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটি নিয়ে খুব একটা আগ্রহ থাকার কথা ছিল না। প্রবল পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি প্রতিযোগিতায় টিকে থাকা একমাত্র সহযোগী সদস্য আফগানিস্তান। এটি তো একরকম প্রস্তুতি ম্যাচই ছিল প্রোটিয়াদের জন্য! কিন্তু বাস্তবতা হলো, পরিবর্তিত প্রেক্ষাপটে আজকের ম্যাচের আগে দুই দলই সমতায়!
মূল পর্বে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল আফগানরা। আর পরশু ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রান করেও হেরে গেছে এবি ডি ভিলিয়ার্সদের দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি তাই রূপ নিয়েছে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে।
গত অক্টোবরেই ভারতের মাটি থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগ মুহূর্তে ভারতের পর দক্ষিণ আফ্রিকাকেই ফেবারিট ভাবা হচ্ছিল। একগাদা অলরাউন্ডার ও দুর্দান্ত ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটিং সবার চোখ প্রোটিয়াদেরই রেখেছিল এগিয়ে। কিন্তু ইংল্যান্ড ম্যাচের পরই আবারও চাপে পড়ে গেছে দলটি।
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে হওয়া দুই দলের একমাত্র ম্যাচের নায়ক ছিলেন বোলাররাই। সেবার মাত্র ১৩৯ করেও বোলারদের সহযোগিতায় ৫৯ রানে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের আগে বোলারদের ফর্ম হারিয়ে বসাটাই তাই তাদের ভাবনার বিষয়। ইংল্যান্ড ম্যাচের আগে দেশের মাটিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দিশেহারা মনে হয়েছিল প্রোটিয়া বোলারদের।
সর্বশেষ ম্যাচে ফিফটি করা প্রোটিয়া ব্যাটসম্যান জে পি ডুমিনি সেটি স্বীকার করে নিলেন বিনা দ্বিধায়, ‘আমরা বেশ চাপে আছি কিন্তু আমরা এর আগেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আগের ম্যাচে আমরা অনেক ভুল করেছি, সেগুলো শোধরাতে হবে। এখন বাকি সব ম্যাচেই জিততে হবে আমাদের। রোববার (আজ) থেকেই নিশ্চিত করতে হবে আমাদের পরিকল্পনাগুলো কাজে আসছে।’
যে পরিকল্পনাই করুক দক্ষিণ আফ্রিকানরা, সেগুলো কাজে লাগাতে হলে ফর্মে ফিরতেই হবে বোলারদের। সূত্র: ডেইলি মেইল।