আফগানদের পিসিবির 'না'

সম্প্রতি লাহোরে ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারায় ৭০ জনেরও বেশি মানুষ। এই ঘটনার প্রভাব পড়েছে আফগানিস্তান ক্রিকেট দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের ওপর। সফরটি বাতিল হয়ে গেছে। দেশের এই অবস্থায় আপাতত নতুন কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঝুঁকি নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাহীনতা কারণ দেখিয়ে কিছুদিন আগেই কেনিয়া মহিলা ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করেছে।
এপ্রিলে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান যাওয়ায় কথা ছিল আফগানদের। সফরসূচিতে ছিল পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি চার দিনের ম্যাচও। এ নিয়ে আলোচনা চলছিল দুই বোর্ডের মধ্যে। কিন্তু গত ২৭শে মার্চ লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বের গুলশান-ই-ইকবাল পার্কে সন্ত্রাসী হামলায় কাঁপিয়ে দিয়েছে গোটা পাকিস্তান। পিসিবির মুখপাত্র আমজাদ ভাট্টি আজ সাংবাদিকদের বলেছেন, ‘দেশের সামগ্রিক নিরাপত্তার অবস্থা বিবেচনা করেই আপাতত সফরটি বাতিল করছি আমরা।’
প্রতিবেশী বলেই কি না এত দিন আফগানিস্তান ক্রিকেট দলকে নানাভাবে সহযোগিতা করে এসেছে পাকিস্তান। সেটির প্রতিদান দিয়েছে আফগানিস্তানও। ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা টিম বাসে হামলার পর পাকিস্তান সফরে যাচ্ছিল না কোনো দলই। এমন অবস্থায় ২০১১ সালে প্রথম দল হিসেবে পাকিস্তান সফরে গিয়েছিল আফগানিস্তান। সেবার পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে তিনটি অনানুষ্ঠানিক একদিনের ম্যাচ খেলেছিল তারা। এ ছাড়াও পাকিস্তান ক্রিকেট একাডেমিতে বেশ কিছু কন্ডিশনিং ক্যাম্পও করেছে আফগানরা।
গত বছর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান গিয়েছিল জিম্বাবুয়ে। এত দিন অন্য দলগুলোর সঙ্গে খেলতে পাকিস্তানকে বেছে নিতে হয়েছে নিরপেক্ষ ভেন্যু। যার বেশির ভাগই হয়েছে সংযুক্ত আরব-আমিরাতে। সূত্র ডন