আফগানদের বিদায় করে মূলপর্বে আরব আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল জিতেছে, তবু খুশি হতে পারলেন না ইনজামাম-উল-হক। ছবি: সংগৃহীত।
দল জিতেছে, তবু খুশি হতে পারলেন না ইনজামাম-উল-হক। ছবি: সংগৃহীত।

আফগানিস্তান তাদের শেষ ম্যাচটি জিতে কাজ গুছিয়ে রেখেছিল। হলে হবে কি? সংযুক্ত আরব আমিরাত যে হার মানল না ওমানের কাছে। আর তাই ফেবারিট হয়েও এশিয়া কাপের মূল পর্বে ওঠা হলো না আফগানিস্তানের। আফগানদের হারিয়ে বাছাইপর্ব শুরু করা আরব আমিরাতই তাই এশিয়া কাপের মূল পর্বে সঙ্গী হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার।
নিজেদের ম্যাচে জিতে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই এশিয়া কাপের মূলপর্বে চলে গেল আমিরাত। আজ দিনের দ্বিতীয় ম্যাচ ওমানকে ৭১ রানে হারিয়েছে কোচ আকিব জাভেদের দলটি।
প্রথম ম্যাচের মতো দিনের দ্বিতীয় ম্যাচের গল্পটাও প্রায় একই। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসজয়ী দল হারল ফিল্ডিং নিয়ে। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭২ রান করেছে আমিরাত। এতে সবচেয়ে বড় অবদান ছিল দুই ব্যাটসম্যানের। ওপেনার মুহাম্মদ কলিম করেছেন ফিফটি, চার রানের জন্য সেই মাইলফলক ছুঁতে পারেননি পাঁচে নামা মুহাম্মদ উসমান। অবশ্য তাঁর ইনিংসটিই বেশি বিস্ফোরক ছিল, ৪৬ রান তিনি করেছেন মাত্র ২২ বলে।
লক্ষ্য ১৭৩, মূলপর্বে যেতে হলে সেটি পেরোতে হবে ১৪ ওভারে—ওমান খেলোয়াড়দের অত জটিলতার মধ্য দিয়ে যেতে হয়নি। যাবেন কীভাবে? ১১ রানের মধ্যেই ৩ উইকেট চলে গেলে আর ওসব লক্ষ্য-টক্ষ বিবেচনায় থাকে নাকি! তা-ও দুটি ‘কৃতিত্ব’ নিয়ে ম্যাচ শেষ করেছে—একটা সময় ৩৮ রানেই ৫ উইকেট হারালেও অলআউট হয়নি ওমান, রানের হিসেবেও পেরিয়েছে দলীয় শতরানের ‘মাইলফলক’। ২০ ওভারে ৮ উইকেটে ১০১ করেই ‘রণে’ ক্ষান্তি দিয়েছেন তাঁরা।

এর আগের ম্যাচে আফগানিস্তান ৬৬ রানে হারিয়েছে হংকংকে। কিন্তু ইনজামাম-উল-হকের দলের সেই আনন্দ মুছে গেল সংযুক্ত আরব আমিরাতের জয়ে। সূত্র: ক্রিকইনফো।