আফগানদের রেকর্ডের দিন
তিন-তিনটি রেকর্ড গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট পর্বের সেমিফাইনালে উঠল আফগানিস্তান। কাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিজিকে ২২৬ রানে হারিয়েছে আফগানরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪০ রান তুলেছিল আফগানিস্তান, ফিজি অলআউট ১১৪ রানে।
আফগানিস্তানের ৩৪০ রান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহযোগী সদস্য দেশগুলোর সর্বোচ্চ ইনিংস। আফগান ওপেনার করিম জানাত ১৩২ বলে করেছেন ১৫৬ রান, এটাও সহযোগী সদস্য দেশগুলোর রেকর্ড। আফগানরা জয়ের ব্যবধানেও সহযোগী সদস্যদের রেকর্ড ছুঁয়েছে। ১৯৯৮ সালে নামিবিয়াকে ২২৬ রানে হারিয়েছিল ডেনমার্ক অনূর্ধ্ব-১৯।
কাল কক্সবাজারের একাডেমি মাঠে কানাডাকে ৬ উইকেটে হারিয়ে প্লেট সেমিফাইনালে উঠেছে জিম্বাবুয়েও। কানাডা ৫০ ওভারে ৮ উইকেটে করে ১৮৬ রান। রানটা ৩১.৪ ওভারেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে। প্লেট সেমিফাইনালে জিম্বাবুয়ের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অন্য সেমিফাইনালে লড়বে আফগানিস্তান ও নিউজিল্যান্ড।