আফগানদের স্বপ্নপূরণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, স্যাবাইনা পার্ক...বিখ্যাত মাঠগুলোয় সাদা পোশাকে খেলবেন—স্বপ্নটা নবী-রশিদ খানদের চোখে সব সময়ই ছিল। মনের মধ্যে আবার প্রশ্নও জাগত—কখনো কি পূরণ হবে এই স্বপ্ন! মোহাম্মদ নবী, রশিদ খান, রহমত শাহদের স্বপ্নটা পূরণ হতে চলেছে। আয়ারল্যান্ডের সঙ্গে গত পরশু আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছে আফগানিস্তানও। দুটি দেশেই চলছে উদ্‌যাপন। উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন দুই দেশের খেলোয়াড় আর কর্মকর্তারা।

বিশেষ কেক কেটে অসাধারণ এই প্রাপ্তির উদ্‌যাপন করেছে আফগানিস্তান। উৎসব করতে করতেই আফগানিস্তান ক্রিকেট দলের ম্যানেজার শির আগা হামকার জানালেন তাঁর আনন্দের কথা, ‘আমি কতটা রোমাঞ্চিত, সেটা এ মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। ক্রিকেট বোর্ড, দলের খেলোয়াড়দের আর আফগানিস্তানের প্রতিটি মানুষের বড় এক স্বপ্ন ছিল এটা।’ কয়েক বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে আফগানিস্তান। এরই ফল পেয়েছে তারা। হামকার তাই এই অর্জনের কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দেরই, ‘প্রত্যেক খেলোয়াড়কে ধন্যবাদ। তারা নিজেদের প্রতিভা বিশ্বকে দেখিয়েছে। পূর্ণ সদস্যপদ আমাদের প্রাপ্য।’

আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিজাই এটাকে দেখছেন বিরাট এক অর্জন, ‘আফগানিস্তানের মতো একটি দেশের জন্য এটি অনেক বড় আর স্মরণীয় অর্জন। একদিন যে আমরা এটা পাব সেই স্বপ্ন দেখতেও ভয় পেতাম। পুরো জাতি এটা উদ্‌যাপন করবে।’ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উপপ্রধান দোস্ত মোহাম্মদ নাজারি এটাকে বলছেন ঐতিহাসিক। আর আফগান অলরাউন্ডার নবী ভাসছেন স্বপ্নপূরণের আনন্দে, ‘অবশেষে আমাদের কঠিন পরিশ্রমের ফল পেলাম। আইসিসি পূর্ণ সদস্য হওয়ার স্বপ্ন পূরণ হলো।’

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম এক বিবৃতিতে আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন, ‘আইরিশ ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার জন্য এটা অসাধারণ এক খবর। ইতিবাচকতার জন্য আইসিসি আর এর সদস্যদের ধন্যবাদ। খেলাটির চূড়া হচ্ছে টেস্ট ক্রিকেট। যেটা পেয়েছি আমরা এটারই আশায় ছিলাম।’ আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের চোখে এটি তাদের ভালো খেলার পুরস্কার, ‘আমরা বিশ্বকাপে খেলেছি এবং কিছু স্মরণীয় ফলও পেয়েছি। কিন্তু টেস্ট খেলাটা বিশেষ কিছু।’ এএফপি, রয়টার্স।

কোথায় অভিষেক টেস্ট?

কোথায় হতে পারে আফগানদের টেস্ট অভিষেক? আফগানিস্তানের কোনো শহরে নিশ্চয়ই নয়, দেশটিতে যুদ্ধ ও সন্ত্রাসের আগুন যে এখনো নেভেনি। ওয়ানডে আর টি-টোয়েন্টির হোম ম্যাচগুলো এখন ভারতের নয়ডাতে খেলছে আফগানিস্তান। এখানেই হয়তো আগামী বছর অভিষেক টেস্ট খেলবেন মোহাম্মদ নবীরা। আগামী বছরই নিজের দেশেই অভিষেক টেস্ট খেলার সম্ভাবনা আইরিশদের।