আফগানিস্তান নামের ‘কলার খোসায়’ পা হড়কাবে ভারত?

কোহলি, রোহিতরা আজ খেলবেন আফগানিস্তানের বিপক্ষেছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে সেমিফাইনাল-যাত্রাই কঠিন করে ফেলেছে ভারত। অন্যতম ফেবারিটরা এখন বলতে গেলে বিদায়ের দ্বারপ্রান্তে। অঙ্কের সমীকরণ মিলিয়ে সুযোগটা এখনো থাকলেও সেটি অনেক কিছুর ওপরই নির্ভরশীল। কোনো কিছুই এখন আর বিরাট কোহলিদের নিজেদের হাতে নেই। তবে নিজেদের কাজটা সেরে রাখতে হবে। জিততে হবে বাকি সব কটি ম্যাচই।


আজ আফগানিস্তানের মুখোমুখি ভারত। গ্রুপে ভারতের যে তিনটি ম্যাচ বাকি, সেগুলোর মধ্যে সবচেয়ে ‘কঠিন’ ম্যাচ এটিই। অন্য দুটি ম্যাচ স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে।

ভারতের জন্যও আফগানদের বিপজ্জনকই মনে করছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার
ফাইল ছবি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ভয়ডরহীন পারফরম্যান্স চোখে পড়েছে সবারই। প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তারা লড়েছে দারুণভাবেই। আফগানদের খেলার ধরনটাই আসলে তাদের প্রতি সমীহ তৈরি করছে। আজ ভারতের জন্যও আফগানদের বিপজ্জনকই মনে করছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।


ভারতের একটি ক্রীড়া সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে গাভাস্কার আফগানিস্তানকে বিপজ্জনক বলেছেন তাদের খেলার ধরনটা বিচার করেই, ‘তারা খুবই বিপজ্জনক দল। টি-টোয়েন্টিতে তারা কখনোই বড় শট খেলতে ভয় পায় না। মাঠে নেমে তারা বড় বড় শট খেলে আনন্দ নিয়েই।’

কোহলি, রোহিত ; সবাই এই বিশ্বকাপে ফ্লপ
ছবি : রয়টার্স

শুধু ব্যাটিংই নয়, আফগানিস্তানের আছে টি-টোয়েন্টি সংস্করণে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য আছেন মুজিব উর রহমান, যিনি নিজেও এ বিশ্বকাপে খুব ভালো বোলিং করছেন। গাভাস্কার তাঁদের কথাও বলেছেন, ‘আফগানিস্তানের কয়েকজন রহস্য–স্পিনার আছে। এই টুর্নামেন্টে বিশ্বমানের স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকট হয়ে দেখা গেছে, বিশেষ করে লেগ স্পিনারদের বিপক্ষে।’


প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড—দুই দলের স্পিনারদের খেলতে হিমশিম খেয়েছে ভারত। গাভাস্কার তো মনে করেন আফগানিস্তানের স্পিন আক্রমণ পাকিস্তান-নিউজিল্যান্ডের চেয়েও ভয়ংকর, ‘আপনাকে একটা বিষয় মানতেই হবে যে রশিদ খানকে মোকাবিলা করা অবশ্যই ইশ সোধি কিংবা ইমাদ ওয়াসিমকে মোকাবিলা করার চেয়ে কঠিন হবে। ফলে ভারতীয় ব্যাটসম্যানদের পাল্টা–আক্রমণ করার জন্য আগ্রাসী ব্যাটিং করতে হবে।’

স্পিনে রশিদ খান ও মুজিব উর রহমান যেকোনো দলের জন্যই মাথাব্যথার কারণ
ছবি: এএফপি

রশিদ খান ও মুজিবকে কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য গাভাস্কারের পরামর্শও থাকছে, ‘এ দুজনকে সামলানোর জন্য ভিন্ন কিছু করতে হবে। যদি তা না করা হয়, তাহলে তারা তাদের ৪ ওভারে ২৫ বা ৩০ রানের বেশি নিতে দেবে না। সেটি আফগানদের জন্য অসাধারণ একটা ব্যাপার হবে। ওদের দুজনের করা ৮ ওভারে যদি ভারত মাত্র ৫৫-৬০ রান তোলে, সেটি তো আফগানিস্তানের জন্য উপকারী হবেই।’


আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য ‘কলার খোসায় পা পিছলানো’র মতোই ব্যাপার বলে মনে করেন ভারতের হয়ে টেস্টে ৩৪ সেঞ্চুরি করা সাবেক এ তারকা, ‘আমি মনে করি, প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান কলার খোসার মতো। অনেকেই হয়তো দলটিকে হালকাভাবে নেবে। কিন্তু সেটি করলেই বিপদে পড়তে হবে। অনেকটা কলার খোসায় পা দিয়ে পিছলে পড়ার মতো।’