আফগানিস্তান সিরিজে পরীক্ষা নয়
আফগানিস্তান সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবে না বাংলাদেশ। কাল মাশরাফি-সাকিবদের প্রস্তুতি ম্যাচ চলার সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘এই সিরিজে কোনো ঝুঁকি নেওয়া যাবে না।’ ঝুঁকি নেওয়া যাবে না বলেই কোনো নতুন খেলোয়াড়কে বাজিয়ে দেখার ইচ্ছে নেই বিসিবির। তবে কাল সন্ধ্যায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের যে দলটি দেওয়া হয়েছে, তাতে নতুন মুখ আছেন তিনজন।
ইংল্যান্ড সিরিজের জন্য গত ৩০ জুন ৩০ জনের দল দিয়েছিল বিসিবি। কাল সেটি কমিয়ে আনা হয়েছে ২০ জনে। আগের তালিকা থেকে বাদ পড়েছেন ১৪ জন। নতুন করে যোগ হয়েছেন চারজন। মিনহাজুল বললেন, ‘৩০ জনের দিকে ভালোভাবে মনোযোগ দেওয়া কঠিন। অনুশীলনের সুবিধার্থে দলকে ছোট করা হয়েছে।’
নতুন দলে নেই বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়া আরাফাত সানি। তবে পরীক্ষা দিতে যাওয়া আরেক বোলার তাসকিন আহমেদ আছেন এই দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর দুজনই ছিলেন পুনর্বাসন-প্রক্রিয়ায়। সানিকে না রাখার বিষয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘ওর (সানি) নতুন অ্যাকশনের কী অবস্থা আমরা এখনো জানি না। সেভাবে প্রিমিয়ার লিগেও খেলেনি সে। প্রস্তুতি ম্যাচেও ছিল না। বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করুক, তখন দেখা যাবে। আর যেহেতু হোম সিরিজ, যেকোনো সময় ডাকার সুযোগ তো থাকছেই।’ আর তাসকিনকে দলে রাখার পেছনে প্রধান নির্বাচকের যুক্তি, ‘পুনর্বাসন-প্রক্রিয়ার পাশাপাশি তাসকিন প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে, ভালোও করেছে। প্রস্তুতি ম্যাচেও সে ভালো করেছে।’
দলে জায়গা পাওয়া বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনকে কদিন আগে হঠাৎ করেই ডেকে পাঠানো হয় অনুশীলন ক্যাম্পে। নতুন করে এই দলে যোগ হয়েছেন পেসার শুভাশিস রায়, পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ও স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তিনজনই ছিলেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলে। শুভাশিস ও মেহেদীকে খেলানো হয়েছে বাংলাদেশ দলের তিনটি প্রস্তুতি ম্যাচেও। এই তিনজনের ব্যাপারে প্রধান নির্বাচকের বক্তব্য, ‘এইচপির পেস বোলারদের মধ্যে শুভাশিস খুবই ভালো করেছে। আলাউদ্দিন বাবুও এইচপিতে ভালো করেছে। আর মিরাজকে (মেহেদী) নেওয়ার কারণ, আমাদের তেমন অফ স্পিনার নেই। আর সে এইচপিতেও ভালো করেছে। দেখা যাক সামনের অনুশীলনে কেমন করে।’
দলটি ১৪ জনে নেমে আসবে আফগানিস্তান সিরিজের আগ মুহূর্তে। ২০ জনে নতুন মুখ থাকলেও মিনহাজুল জানিয়েছেন আফগানিস্তান সিরিজে পরীক্ষা-নিরীক্ষা হবে না, ‘আমাদের সম্ভাব্য সেরা দলটাই এই সিরিজে খেলবে। কোনো ঝুঁকি নিতে চাই না, কাউকে নতুন করে পরীক্ষাও করতে চাই না।’
ইংল্যান্ড সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার কাজ তো আছেই, আফগানদের কাছে হারলে প্রভাব পড়বে র্যাঙ্কিংয়েও, কমে যাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। মিনহাজুল এটি ভালো করেই জানেন, ‘এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। বাজে অভিজ্ঞতা আমাদের কিন্তু আছে। এশিয়া কাপে নিজেদের মাটিতে আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিলাম। ওরা অনেক উন্নতি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলছে। কাজেই কোনো দলকে খাটো করে দেখার সুযোগ নেই।’
১৮ সেপ্টেম্বর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।
২০ জনের দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিস রায়, মেহেদী মিরাজ, মোশাররফ হোসেন, আলাউদ্দিন বাবু ও আল আমিন।