আফগানিস্তান সিরিজে বাংলাদেশের প্রধান কোচ নিয়ে এখনো অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচের ঘোষণা না আশা পর্যন্ত দলের দায়িত্ব ওয়ালশের কাছেই। প্রথম আলো ফাইল ছবি
নতুন কোচের ঘোষণা না আশা পর্যন্ত দলের দায়িত্ব ওয়ালশের কাছেই। প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের মধ্যে এখন যোজন যোজন ব্যবধান। তবে একটি বিষয়ে দুই খেলায় দারুণ মিল এখন। ফুটবল-ক্রিকেট দুই দলই এখন চলছে প্রধান কোচ ছাড়া। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর হন্যে হয়ে কোচ খুঁজছে বিসিবি। কিন্তু সব সংস্করণ মিলিয়ে চারটি সিরিজ শেষ করেও উপযুক্ত কাউকে এখনো খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান সিরিজে নতুন কোচের দেখা মিলবে, এমন নিশ্চয়তা দিতে পারছেন না ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও।

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ম্যানেজার খালেদ মাহমুদ। আবার নিদাহাস ট্রফিতে সে দায়িত্ব বর্তেছিল বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ওপর। আকরাম খান ইঙ্গিত দিলেন, আফগানিস্তানের বিপক্ষে জুনের টি-টোয়েন্টি সিরিজে ওয়ালশই দায়িত্বে থাকবেন, ‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যাঁরা স্টাফ ছিলেন, তাঁরাই থাকবেন। শ্রীলঙ্কায় যাঁরা যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বেই থাকবেন।’
ব্যস, তাহলে তো ধরেই নেওয়া যাচ্ছে আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ালশই প্রধান কোচের দায়িত্বে থাকছেন। কিন্তু দ্বিধায় ফেলে দিলেন আকরাম নিজেই। তাঁর দাবি আফগানিস্তান সিরিজ নতুন কোচের অধীনেও খেলতে পারে বাংলাদেশ, ‘ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কি না, সেটা এখনো বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই, তাহলে সেটা জানতেই পারবেন। বোর্ড কোচ খুঁজছে, তারা তো বসে নেই। তবে শেষ সিরিজে যেহেতু ভালো করেছেন, তাই তিনিই কোচের দায়িত্ব পালন করতে পারেন।’
অর্থাৎ ওয়ালশের অধীনে আফগানিস্তান সিরিজ খেলবে কি না বাংলাদেশ, এ প্রশ্নের উত্তর এখনো মিলছে না। তবে কোচিং স্টাফদের মধ্যে একটি রদবদল নিশ্চিত করেছেন আকরাম। আগের সিরিজের সহকারী কোচ রিচার্ড হ্যাসল দলের সঙ্গে আর নেই। তাঁর বদলি হিসেবে স্থানীয় একজন কোচ বেছে নিয়েছে বোর্ড, ‘যেহেতু তিনি নেই, তাই তাঁর পরিবর্তে সোহেল ইসলাম যাবেন দলের সঙ্গে।’
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভারত সফর কবে শুরু হচ্ছে সেটাও বলেছেন আকরাম, ‘বাংলাদেশ টিম যাচ্ছে ২৯ তারিখে। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটি দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না কিছু।’