আফগানিস্তান সিরিজেও কঠোর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট হয়েই বাংলাদেশে দল পাঠাচ্ছে ইসিবি। ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে জস বাটলারের ওয়ানডে দল। তার আগে ২২ সেপ্টেম্বর তিন ওয়ানডের সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। আফগানদের ঘিরেও থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর।
মিরপুরে কাল বিসিবির পরিচালক জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তাদের ইংল্যান্ডের মতোই নিরাপত্তা দেব। ভিভিআইপিরা যে ধরনের নিরাপত্তা পায়, সে ধরনের নিরাপত্তাই দেওয়া হবে।’ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে একটু ধারণাও দিলেন তিনি, ‘আগে স্টেডিয়ামের মেইন গেটে ঢোকার পর তল্লাশি হতো। এবার সেটা আরও আগে থেকে হবে। শরীর তল্লাশিটা স্টেডিয়ামে ঢোকার বেশ কিছু আগে থেকেই করা হবে।’
নিরাপত্তাশঙ্কার মধ্যে এর আগেও সফলভাবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকেই জালাল আশাবাদী, ‘আমরা ভীত নই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।’ আফগানিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে হবে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচই দিবারাত্রির। খেলা শুরু হবে বেলা আড়াইটা থেকে।