শ্রীলঙ্কাকে ২০১ রানে আটকে ১৮৭ রানের লক্ষ্য পেল আফগানিস্তান

কুশল পেরেরার ঝড়ে উড়ে যেতে বসেছিল আফগানিস্তান। প্রতিটি শটে সনাথ জয়াসুরিয়াকে মনে করিয়ে দেওয়া এই ওপেনারকে আটকানোর চেষ্টা করে ক্ষান্ত দিয়েছে আফগানিস্তান। নজর দিয়েছে অন্য প্রান্তে। তাতেই এল সাফল্য।
বিশ্বকাপ ক্রিকেট আফগানিস্তানের সব পরিকল্পনা উল্টে দিয়ে দুর্দান্ত শুরু হয়েছিল শ্রীলঙ্কার। পেরেরার একের পর এক বাউন্ডারিতে বোলিং আক্রমণ থেকে একে একে সরে যেতে হলো দওলত, হামিদ ও মুজীবকে। ১৪তম ওভারে এল প্রথম সাফল্য। মোহাম্মদ নবীর বলে হঠাৎ ধৈর্যচ্যুতি হলো দিমুথ করুনারত্নের। লং অফ দিয়ে মারতে গিয়ে ফ্লাইট বুঝতে ভুল হলো, লং অনে গেল সে বল। ৯২ রানে থামল উদ্বোধনী জুটি।
শ্রীলঙ্কার সর্বনাশ হয়েছে ২২তম ওভারে। ৫২ রানের দ্বিতীয় উইকেট জুটিটা দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু ২২তম ওভারের দ্বিতীয় বলেই শুরু হলো সর্বনাশ। পিচ করে বলটা লাইন ধরে রাখল, বোল্ড হয়ে গেলেন থিরিমান্নে (২৫)। পরের বলেই আউট হতে পারতেন কুশল মেন্ডিস। দ্বিতীয় স্লিপ না থাকায় সে যাত্রা বেঁচে গেলেন মেন্ডিস।
পরের বলেই দুঃখ ঘুচল নবীর। আবারও খোঁচা দিলেন মেন্ডিস। এবার ঠিকই রহমত শাহর কাছে বল গেল। নামলেন ম্যাথুস, তিনিও টিকলেন ২ বল। ওই রহমত শাহর হাতেই ধরা পরলেন, অযথা খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি বলে। এক ওভারেই ১ উইকেটে ১৪৪ থেকে ৪ উইকেটে ১৪৬-এ রূপ নিল শ্রীলঙ্কা।
ধনঞ্জয়া ডি সিলভা টিকলেন ৪ বল। ৪ বলে ০ রান করে হামিদ হাসানের বলে মোহাম্মদ শেহজাদকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে এলেন ডি সিলভা। ১৪৯ রানে পঞ্চম উইকেট হারানো শ্রীলঙ্কার পরবর্তী উইকেট গেল ১০ রান পরেই। পেরেরার মুখে একরাশ বিরক্তির জন্ম দিয়ে রান আউট হয়ে ফিরলেন ২৬তম ওভারে।
কুশল পেরেরা একটু লড়েছিলেন। শেষে রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনিও বিদায় নিলেন ৭৮ রানে। ৩৩ ওভার শেষে ৮ উইকেটে ১৮২ রান নিয়ে ধুকছিল শ্রীলঙ্কা। এরপর বৃষ্টি নামায় খেলা ৪১ ওভারে নেমে আসে। বিরতির পর আর ১৯ রান যোগ করেছে শ্রীলঙ্কা।
ডিএল পদ্ধতিতে প্রতিপক্ষকে অলআউট করার সুবিধা পাচ্ছে আফগানিস্তান। ৪১ ওভারে ১৮৭ রানের লক্ষ্য পেয়েছে তারা।