আফগানিস্তানকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানকে সহজভাবে দেখছেন না অ্যারন ফিঞ্চ।
আফগানিস্তানকে সহজভাবে দেখছেন না অ্যারন ফিঞ্চ।
>ইংল্যান্ড বিশ্বকাপে অনেকেই ডার্ক হর্স মানছেন আফগানদের। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও পাকিস্তানকে ঠিকই বিপদে ফেলেছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে তাই আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ

বিশ্বকাপে আফগানিস্তান একেবারেই নতুন। ইংল্যান্ডে খেলছে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ। তবে ক্রিকেট বিশ্বকাপে নতুন হলে কি হবে, সাম্প্রতিক ফর্মের কারণে এবার আফগানিস্তানকে সমীহ করতেই হচ্ছে অন্য দলগুলোর। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চও মানছেন, আফগানিস্তান এবারের বিশ্বকাপের ভয়ংকর দল। 

এবারও ২০১৯ বিশ্বকাপের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। ব্রিস্টলে আজ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। শক্তিমত্তার দিক থেকে অস্ট্রেলিয়া আফগানদের থেকে ঢের এগিয়ে । তবে সাম্প্রতিক ফর্ম আর মুজিব-রশিদের মতো দুর্দান্ত কিছু স্পিনারের জন্যই একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না আফগানিস্তানকে। গুলবদিন নাইবের দলকে তাই সমীহ করছেন ফিঞ্চ, ‘আফগানিস্তানকে হারাতে হলে আমাদের সবচেয়ে ভালো খেলাটাই খেলতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের আবির্ভাব খুব বেশি দিনের নয়। অল্প দিনেই অনেক পরিণত ক্রিকেট খেলছে আফগানিস্তান। ব্যাপারটা ফিঞ্চেরও নজরে এসেছে, ‘গত চার বছরে ওদের খেলার অনেক পরিবর্তন হয়েছে। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছে ওরা। অসাধারণ খেলেছে। ওদের ব্যাটিং বোলিং সবই দুর্দান্ত ছিল। দিন দিন তাদের খেলার ভক্ত সংখ্যাও অনেক বেড়েছে।’

আফগানিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের খেলা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তাও দূর করেছেন অস্ট্রেলিয়ান এই অধিনায়ক, ‘ডেভিড ভালো আছে, নিঃসন্দেহে আফগানিস্তানের বিপক্ষে ও খেলবে।’

অস্ট্রেলিয়ার জন্য বিশ্বকাপের অভিষেকটা তুলনামূলক সহজই বলা যায়। তবে বলা তো যায় না কখন কি অঘটন ঘটে।