আফগানিস্তানকে বাঁচিয়ে দিয়ে নেপালই নিল বিদায়!

সোমপাল কামি ও রোহিত কুমার জয়সূচক রানটা নেওয়ার পর নির্ঘাত জয়োল্লাস শুনিয়েছেন। তবে তাঁদের সে আনন্দোল্লাস আফগানিস্তানের খেলোয়াড়দের কণ্ঠকে ছাড়াতে পারেনি কোনোভাবেই। হংকংকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল। কিন্তু সে জয়ের স্বাদটা পুরোপুরিভাবে নিচ্ছে দর্শক হিসেবে থাকা আফগানিস্তান। কারণ, ৩ দলেরই পয়েন্ট সমান হওয়ায়, বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে রানরেটে এগিয়ে থাকা আফগানিস্তান। নেপাল জিতেও বিদায় নিয়েছে। আর তাদের এই জয়ে সবচেয়ে বেশি লাভ হয়েছে আফগানদের।
গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের শুরুটা হয়েছিল খুব বাজে। প্রথমে স্কটল্যান্ডের কাছে হার। এরপর আবার জিম্বাবুয়ের কাছে ২ রানের দুঃখ। সেটাও সামলে নিতে পারত পরের দুই ম্যাচের জয় দিয়ে। গত দুই বছরে ক্রিকেটে দারুণ সব কীর্তি গড়া আফগানরা কিনা হেরে গেল হংকংয়ের কাছেও। নেপালের বিপক্ষেও বিপদে পড়েছিল দলটি। মিডল অর্ডারের দৃঢ়তায় স্বস্তির জয় পায় দলটি, বিশ্বকাপের আশাও বেঁচে থাকে আফগানিস্তানের।
কিন্তু মূল দায়িত্বটা ছিল নেপালের ঘাড়ে। আফগানিস্তানকে হারিয়ে দেওয়া হংকংকে নেপাল হারাবেই, সেটাও তো জোর দিয়ে বলা যাচ্ছিল না। কিন্তু সে কাজটা করল আফগানদের সাফ-প্রতিবেশী। হংকংকে ১৫৩ রানে আজ অলআউট করে আফগানদের বুক থেকে পাথর নামিয়ে ফেলেছিল প্রায়। ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন লেগ স্পিনার সন্দীপ লামিচানে।
তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল নেপাল। ১০ ওভারের মধ্যেই ৪১ রান তুলে ফেলেছিল দলটি। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় হংকং। ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় নেপাল। তখন আবারও নিশ্চয়ই আফগানদের বুকে পাথর চেপে বসতে শুরু করে। ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় নেপাল, আর বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পড়ার আতঙ্কে আফগানিস্তান!
সোমপাল ও রোহিতই আফগানদের আশাটা জাগিয়ে তুললেন। ষষ্ঠ উইকেট জুটিতে অপরাজিত ৮৯ রান তুলেছেন এ দুজন। ৮৬ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন রোহিত, ৪০ বলে ৩৭ রান সোমপালের।
‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্সে গেল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড আর আফগানিস্তান। এখন সুপার সিক্সে ‘এ’ গ্রুপের শীর্ষ তিন দলের বিপক্ষে খেলবে তারা। দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে ১০ দলের ২০১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।