আফগানিস্তানকে বড় দলের সঙ্গে পার্থক্য বোঝাল শ্রীলঙ্কা

ক্রিকেটের নিবেদিত অনুসারী না হলে আফগানিস্তানের লক্ষ্য দেখে ভ্রু কুঁচকালে দোষ দেওয়া যায় না। শ্রীলঙ্কা ২০১ রান করেছে, তবু আফগানিস্তানের লক্ষ্য ১৮৭! শ্রীলঙ্কান ভক্তদের মনে হতাশাও জাগতে পারে, কষ্ট করে কটা রান করল দল, সেটাও কমে গেল। শ্রীলঙ্কান পেসাররা অবশ্য সে হতাশা দূর করে দিলেন। দুর্দান্ত ক্রিকেটে ৩৪ রানের জয় এনে দিলেন দলকে।
উপমহাদেশের দল হয়েও আজ শ্রীলঙ্কা ৪ পেসার নিয়ে নেমেছিল। সঙ্গে থিসারা পেরেরা তো ছিলেনই। অফ স্পিনার ধনঞ্জয় ডি সিলভা এক ওভার হাতে পেয়েছিলেন। তাতে ৭ রান দিয়ে আর বল হাতে নেওয়ার সাহস করেননি। মেঘলা আবহাওয়া ও বৃষ্টি ভেজা উইকেটের সর্বোচ্চটা তুলে নিয়েছেন শ্রীলঙ্কান পেসাররা। ১০ উইকেট পেতে কোনো ভাগ্যের সহযোগিতা দরকার হয়নি তাদের। বরং নিজেদের ফিল্ডারদের বাজে পারফরম্যান্স বারবার কপাল চাপড়াতে বাধ্য করেছিল তাদের।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টির কারণে কমে আসা ম্যাচে ২০১ রানে থেমেছে শ্রীলঙ্কা। অলআউট হয়ে যাওয়াতে আফগানিস্তান বৃষ্টি আইনের সুবিধা পেল, লক্ষ্য কমে এল ১৫। কিন্তু আফগানিস্তান উল্টো দাবি তুলতে পারত ৯ ওভারও যে কমে গেল। আজ যে শ্রীলঙ্কা দল ৩৭ ওভারও খেলতে পারেনি। বৃষ্টি দৈর্ঘ্য না কমালেও শ্রীলঙ্কার রান বাড়ত না। কিন্তু দৈর্ঘ্য কমে যাওয়ায় ক্ষতি হলো আফগানিস্তানের। শেষ দিকে বল ও রানের মধ্যে দূরত্ব কমে আসার চাপে বাজে সিদ্ধান্ত নিয়ে আউট হয়েছেন আফগানরা।
অথচ ১৮৭ রান ২৫ ওভারেই তুলে ফেলার ব্যবস্থা করতে নেমেছিল আফগানরা। প্রথম ওভারে মালিঙ্গার ইয়র্কারে অস্বস্তি দেখা গেলেও ৪ ওভারেই ৩০ রান করে ফেলেছিল দলটি। মালিঙ্গার বলে শেহজাদ আউট হলেন দলীয় ৩৪ রানের মাথায়। কিন্তু মূল বিপদ হলো জাজাইয়ের আউটে। ২৫ বলে ৩০ করা জাজাইয়ের আগেই যে রহমত শাহও ফিরেছেন। নুয়ান প্রদীপের প্রথম শিকার ওই জাজাই। এর পর প্রদীপের গতি ও বাউন্সে কাঁপতে কাঁপতে ৫ উইকেট হারিয়ে ৫৭তে থামল আফগানিস্তান।
এরপর গুলবদীন নাইব ও নাজিবুল্লাহ জাদরান ৬৪ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু প্রদীপ পরের স্পেলে এসেই তাঁকে ফেরালেন। ৩১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলল দলটি চোখের পলকেই। মূল ভরসা জাদরান (৪৩) এর মধ্যে নবম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন রান আউট হয়ে। আর বাকি দুজন মালিঙ্গার ভয়ংকর ইয়র্কারের শিকার হয়ে।