আফগানিস্তানের অধিনায়কত্ব করতে চান না রশিদ খান
জাতীয় দলে তিন সংস্করণে অধিনায়কত্ব দেওয়া নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ঝামেলা পোহানো নতুন খবর নয়। গত তিন বছরে এ নিয়ে ওলট-পালটের মধ্য দিয়ে গেছে তারা।
এ সপ্তাহের শুরুতে ওয়ানডে ও টেস্ট অধিনায়ক হিসেবে হাশমতউল্লাহ শহীদির নাম ঘোষণা করে এসিবি। টি-টোয়েন্টি অধিনায়কের নাম এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে এই সংস্করণে তাদের তারকা ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক রশিদ খান অধিনায়কত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। রশিদ খানের বিশ্বাস, দলে তিনি অধিনায়কত্ব করার চেয়ে খেলোয়াড় হিসেবে বেশি মূল্যবান।
২২ বছর বয়সী এ লেগ স্পিনার ক্রিকইনফোকে বলেন, ‘শুধু খেলোয়াড় হিসেবে আমি বেশি ভালো, তা নিয়ে নিজের মনের মধ্যে কোনো সন্দেহ নেই। সহ-অধিনায়ক হিসেবেও ভালো, অধিনায়ককে যেকোনো সময় সাহায্য করতে প্রস্তুত। নেতৃত্ব থেকে দূরে থাকাই আমার জন্য ভালো।’
জাতীয় দলের অধিনায়ক হিসেবে এখনো সঠিক খেলোয়াড় বাছাই করতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দুই মাস আগে আসগর আফগানকে তিন সংস্করণে অধিনায়কত্ব থেকে সরিয়ে ভাগ করে দেওয়া হয় রশিদ খান (টি-টোয়েন্টি), গুলবদিন নাইব (ওয়ানডে) ও রহমত শাহর মধ্যে (টেস্ট)।
কিন্তু আফগানিস্তান সে বিশ্বকাপ কোনো ম্যাচ না জিতে ফেরার পর নাইবের কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় এবং তিন সংস্করণেই অধিনায়ক বানানো হয় রশিদ খানকে।
কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে আসগর আফগানকে আবারও তিন সংস্করণের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। ১৫ মাস পর আবারও তাঁর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। এরপর ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব তুলে দেওয়া হয় হাশমতউল্লাহর কাঁধে।
কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব করবেন কে, এই প্রশ্নের উত্তর এখনো মেলাতে পারেনি এসিবি। যদিও সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আফগানিস্তানকে। অক্টোবর-নভেম্বরে এ সংস্করণের বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা।
রশিদ খান মনে করেন, অধিনায়ক হয়ে নানা রকম চিন্তাভাবনার চেয়ে শুধু খেলোয়াড় হিসেবে দলের জন্য তাঁর পারফরম্যান্স বেশি তাৎপর্যপূর্ণ, ‘(অধিনায়কত্ব) আমার পারফরম্যান্সে (নেতিবাচক) প্রভাব রাখতে পারে, যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমি শুধু খেলোয়াড় হিসেবেই খুশি। বোর্ড ও নির্বাচক কমিটি যে সিদ্ধান্ত নেবে তাতে আমার পূর্ণ সমর্থন থাকবে।’ রশিদ খান ব্যাখ্যা করেন, ‘এক কিংবা দুই বছর সময় পেলে (অধিনায়কত্ব) সামলানো সহজ হয়। আমি অধিনায়ক ছিলাম এবং তারা (বোর্ড) আমার মানসিকতা জানে, যে কারণে জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে এবং তারা অন্য কাউকে খুঁজছে।’
আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এখন আবুধাবিতে রয়েছেন। ৯ জুন থেকে শুরু হবে পাকিস্তানের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ।