আফগানিস্তানের কোচ হচ্ছেন না ইউনিস

ইউনিস খান ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেননি। তবে এও বলেছেন, আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইউনিস আফগানিস্তানের কোচ হবেন বলে খবর চাউর হয়েছিল। পাকিস্তানি ব্যাটসম্যান জানালেন, খবরটি সঠিক নয়।
বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি আতিফ মাশাল বলেছিলেন, ইউনিসের কোচ হওয়া নিয়ে আলোচনা চলছে। তাঁরা এখন চুক্তির বিষয়টি চূড়ান্ত করছেন। তবে ইউনিস জানিয়েছেন, ‘এমন কোনো কিছু হয়নি। তিন বছর আগে একটা আলোচনা উঠেছিল, কিন্তু সেটি আর এগোয়নি।’
অবসরের পর এখনই কোচিংকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহও নেই ইউনিসের, ‘অবসরের পর আমার কাজ কী হবে, সেটা নিয়ে পরে ভাবব। তবে আফগানিস্তানের কোচ হওয়ার বিষয়টি আমার ভাবনায় নেই।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান বোর্ডের (পিসিবি) সম্পর্ক খুব একটা ভালো নয়। পিসিবি আফগানিস্তান দলকে পাকিস্তানের মাটিতে খেলানোর চেষ্টা করলেও আফগানিস্তান বোর্ড নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তাতে রাজি হয়নি।
পিসিবি সভাপতি শাহরিয়ার খান আগেই জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইউনিস ও মিসবাহ-উল হককে পাকিস্তান ক্রিকেট উন্নয়নে কাজে লাগানো হবে। এ জন্য বোর্ডের উচ্চপদে নিয়োগ দেওয়া হবে দুই ক্রিকেটারকেই।
তবে এর মধ্যেই আফগান বোর্ড সভাপতির সূত্রে ইউনিসের কোচ হওয়ার খবরটি ছড়িয়ে পড়েছিল।
পাকিস্তানি গণমাধ্যমে সম্প্রতি খবর বেরিয়েছে, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ যুবদলের কোচ হিসেবে ইউনিসকে ভাবছেন শাহরিয়ার। সূত্র: নিউজ১৮ডটকম।