আফগানিস্তানের খেলায় হতাশ শেবাগরা

আফগানিস্তানের খেলা কাল হতাশ করেছে ভারতকেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে প্রশ্ন করেছিলেন, আফানিস্তান যদি নিউজিল্যান্ডের সঙ্গে হেরে যায়, তাহলে ভারতীয় ক্রিকেট দল কী করবে? জাদেজার জবাব ছিল সোজাসাপ্টা, ‘ব্যাগ গুছিয়ে বাড়িতে যাব।’ গতকাল রাতে আফগানিস্তান ৮ উইকেটে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এতে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে ভারতের।

চাইলেও অবশ্য ব্যাগ গোছাতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা। আজ নামিবিয়ার বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচটা যে বাকি আছে। তবে সেটি শুধুই আনুষ্ঠানিকতার থাকত না যদি কাল আফগানিস্তান নিজেদের ম্যাচ জিততে পারত। আফগানিস্তানের পারফরম্যান্স নিয়ে তাই হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড কাল আফগানিস্তানকে কোনো সুযোগই দেয়নি
ছবি: এএফপি

গতকাল ভারতের সবাই আফগানিস্তানের জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে ছিল না ভারতের। কিন্তু আফগানিস্তান পারেনি ভারতবাসীর মুখে হাসি ফোটাতে, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে তারা বিশ্বকাপ থেকে তো বাদ পড়েছেই, সঙ্গে করে নিয়ে যাচ্ছে ভারতকেও।

স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকেরা প্রচণ্ড হতাশ। সাবেক ভারতীয় ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় বিশ্বকাপে আফগানিস্তানের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা ও বীরেন্দর শেবাগ। তাঁদের মতে, আফগানিস্তান এর থেকেও ভালো খেলতে সক্ষম।

আফগানিস্তানের ব্যাটিং হতাশ করেছে শেবাগদের
ছবি: এএফপি

আফগানিস্তান গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এবার প্রথম পর্ব খেলতে হয়েছে, কিন্তু আফগানিস্তান সরাসরি সুপার টুয়েলভ খেলেছে। কিন্তু কোনো বড় টুর্নামেন্টে বড় দলগুলোর বিপক্ষে এখনো ভালো করতে শেখেনি বলে মনে করেন অজয় জাদেজা, ‘গতকাল (পরশু) ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উন্নতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের শুরুতে কিন্তু তারা এত ভালো খেলছিল না। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য যে দক্ষতা দরকার হয়, সেটা আফগানদের মধ্যে ছিল না। টি-টোয়েন্টির প্রতি ওদের দৃষ্টিভঙ্গি ঠিক ছিল। ওদের ব্যাটিং সবচেয়ে বেশি হতাশ করেছে। ওরা যে ধরনের খেলা খেলতে চায়, সে রকম দক্ষতা যদি না থাকে, তাহলে এ পর্যায়ে ভালো খেলা খুবই কঠিন। আফগানিস্তান যেমন খেলেছে, আগে ওরা এর থেকেও ভালো ছিল। ফলে আমি বলব না যে তাদের কোনো উন্নতি হয়েছে।’

আফগানিস্তানের ব্যাটিং নিয়ে একই কথা বলেন বীরেন্দর শেবাগও, ‘ওদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ২০ ওভার খেলে আফগানিস্তান মাত্র ১২৫-১৩০ রান করতে পেরেছিল, অর্থাৎ ৩০-৪০ রান কম করছিল ওরা প্রতি ম্যাচে। যদি ওরা ১৫৫-১৬০ করতে পারে, তাহলে যেকোনো দলের বিরুদ্ধেই লড়াই করতে পারবে।’

বোলাররাই আফগানদের মূল ভরসা
ছবি: এএফপি

গ্রুপ–২-এ আফগানিস্তানের সঙ্গে ছিল ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। এর মধ্যে দুই দলের বিপক্ষে আফগানিস্তানের জয় অনুমেয় ছিল বলেই মনে করেন শেবাগ, ‘সবাই মোটামুটি জানত যে ওরা কমপক্ষে দুই ম্যাচ জিতবেই—নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। তারা ওই দুটি ম্যাচ জিতেছে। আমরা আশা করেছিলাম, ওরা নিউজিল্যান্ডের বিপক্ষেও জিতবে, কিন্তু এটা তখনই সম্ভব হতো যদি ওরা স্কোরবোর্ডের যথেষ্ট রান তুলতে পারত।’

ব্যাটিংয়ে উন্নতির জন্য আফগানদের সর্বোচ্চ পর্যায়ে আরও বেশি ম্যাচ খেলার পরামর্শ দেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা শেবাগ, ‘সর্বোচ্চ পর্যায়ে ওদের ব্যাটসম্যানরা যত ম্যাচ খেলবে, তত অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তখন তারা আরও ভালোভাবে চাপ সামলাতে পারবে, পেসারদের খেলতে পারবে এবং প্রান্ত বদল করতে পারবে।’ এ সময় বাংলাদেশের উদাহরণও টেনে আনেন তিনি, ‘আন্তর্জাতিক পর্যায়ে সেরা দলগুলোর বিপক্ষে খেলতে খেলতেই কিন্তু বাংলাদেশ নিজেদের খেলার উন্নতি করেছে।’