আফগানিস্তানের দর্শকদের মারামারির তদন্ত দাবি পাকিস্তানের

২৯ জুন হেডিংলিতে ম্যাচ চলাকালীন সময়ে ও ম্যাচের পরে বেশ কয়েকবার হাতাহাতি করেছিলেন পাকিস্তান ও আফগানিস্তানের বেশ কিছু সমর্থক। এবার যুক্তরাজ্য পুলিশের কাছে সে ঘটনার আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটি মাঠেই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। দুই দলের দর্শকদের বোধ হয় অতটুকু উত্তেজনায় মন ভরছিল না। ম্যাচ চলাকালীন সময়ে ও ম্যাচের শেষে তাই দুই দফা হাতাহাতি করেছে প্রতিবেশী দুই দেশের কিছু সমর্থক। এবার এই মারামারির ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছে পাকিস্তান।
যুক্তরাজ্যের পুলিশের কাছে এ ঘটনার তদন্ত করার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মারামারি ও পাকিস্তান-বিরোধী ব্যানার প্রদর্শনের ঘটনাকে ‘চিন্তার বিষয়’ উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘খেলার সঙ্গে জড়িত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এ ঘটনার বিস্তারিত তদন্ত করার আহ্বান জানানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানানো হচ্ছে।’
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে হাতাহাতি ও গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকতে চাওয়ায় ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। শুধু তাই নয়, পাকিস্তানের জয় নিশ্চিত হওয়ার পর নিরাপত্তাবলয় ভেঙে মাঠেও নেমে আসেন বেশ কিছু সমর্থক। এ ছাড়া ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারিতেও হাতাহাতি করতে দেখা গেছে দুই দলের সমর্থকদের।
ধারণা করা হচ্ছে, ক্রিকেটীয় কোনো কারণে নয়, বরং রাজনৈতিক কারণেই মারামারির এ ঘটনা ঘটেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ম্যাচ চলার সময় লিডসের হেডিংলি স্টেডিয়ামের ওপর দিয়ে একটি বিমান উড়ে যায়। এতে একটি ব্যানারে লেখা ছিল, ‘জাস্টিস ফর বেলুচিস্তান’। এই ঘটনার পরই নাকি দুই দেশের সমর্থকদের মাঝে মারামারির সূত্রপাত।
আয়তনের দিক দিয়ে বেলুচিস্তান পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ। প্রদেশটি উত্তর আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা। ১৯৪৮ সাল থেকেই বেলুচিস্তানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। পাকিস্তান বরাবরই দাবি করে আসছে, বেলুচ বিদ্রোহীদের মদদ জোগাচ্ছে ভারত ও আফগানিস্তান। তাই সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক বেশ নড়বড়ে।
ম্যাচের আগে পাকিস্তান আর আফগানিস্তান সমর্থকদের মধ্যে দুজনকে মারামারি করার দায়ে মাঠ থেকে বের করেও দিয়েছিল ইয়র্কশায়ার পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই দলের সমর্থকদের নিরস্ত করতে মাঠের নিরাপত্তা কর্মীরা চেষ্টা করছেন।

ম্যাচের পর আইসিসির এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিল, মাঠে এবং মাঠের বাইরে সৃষ্ট বিশৃঙ্খলার পেছনে কোনো ধরনের রাজনৈতিক উসকানিমূলক বার্তার ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ, ‘বিশ্বকাপে রাজনৈতিক কোনো বার্তা প্রদর্শনে আমরা কাউকে উৎসাহিত করি না। এ ধরনের ঘটনা কেন ঘটল, তা বের করার জন্য আমরা পুলিশের সঙ্গে মিলে কাজ করছি, যাতে ভবিষ্যতে একই রকমের বিশৃঙ্খলা এড়ানো সহজ হয়।’
আরও পড়ুন: